মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রায় তিন বছর পর আবারও নাটকে অভিনয় করলেন চলচ্চিত্র অভিনেতা আলমগীর। 'তোমাকেই জানি' নামের এই নাটকে তার বিপরীতে আছেন আরেক চিত্র নায়িকা মৌসুমি। এছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।
লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শরিফ আহমেদ।
নাটকে অভিনয় প্রসঙ্গে আলমগীর বলেন, "মৌসুমি আর আমি দুজনেই চলচ্চিত্রের মানুষ। অথচ তার সঙ্গে বড় পর্দায় একসঙ্গে কাজ করা হয়নি। শেষ পর্যন্ত মৌসুমির সঙ্গে অভিনয় করলাম ছোট পর্দার। ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টেরেস্টিং। হয়তো আমার সময়ের নায়িকা না বলেই মৌসুমির সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করা হয়ে ওঠেনি। তবে ছোট পর্দায় হলেও মৌসুমির সঙ্গে অভিনয় করে আমি বেশ তৃপ্ত। অনেকদিন পরে অভিনয়টা করেও আমি আনন্দ পেয়েছি। ব্যস্ততার কারণে এখন অভিনয় করার বিশেষ সময় পাই না।"
আলমগীর সর্বশেষ ২০০৫ সালে দুটি নাটকে অভিনয় করেছিলেন। নামগুলো হল - স্বপ্নাতীত ও মেঘের ধূলো । আর গত বছর প্রচার শেষ হয় মৌসুমি অভিনীত মেগা ধারাবাহিক নাটক সুখের লাগিয়া ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ওএস/২১৫০ঘ.
bdnews24