মার্চ ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- চারদিকের টানাটানিতে এখন শাহরুখের কাজ ওলোটপালোট হতে চলল। একই তারিখে সব কাজ পড়ে যাচ্ছে। একদিকে আইপিএল-এর ৪৪দিনব্যাপী টি-টুয়েন্টি শুরু হতে যাচ্ছে। আবার একইদিনে অর্থাৎ ১৮ এপ্রিল থেকে স্টার প্লাসে প্রচারিত হবে পাঁচই পাস, যার উপস্থাপক শাহরুখ খান। দিন যে এক তাই শুধু নয় সময়ও একই, সেই রাত সাড়ে আটটা। স্টার প্লাসে শুক্র, শনি আর রবিবারে যখন চলবে পাঁচই পাস সেই একই সময়ে ছুটির দিনগুলোয় সনি ম্যাক্সে প্রচারিত হবে ক্রিকেট ম্যাচ। আবার একটার স্পন্সর এয়ারটেল তো আরেকটার ভোডাফোন, দুই চরম প্রতিদ্বন্ধী। কেউ কারো দিন তারিখ পেছাবে না। খবর এনডিটিভির।
এদিকে দিন তারিখ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন কিং খান। দুটোর প্রচারই তার কাছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে ক্রিকেট ম্যাচের জন্য শাহরুখের দুর্বলতা যে একটু বেশি তা জানা কথা। কারণ সেখানে নিজের কোলকাতার টিমের জন্য বড় একটা অংক লগ্নি করে বসে আছেন। ব্যবসা বলে কথা। তাই সনিকে না ঘেঁটে অনুষ্ঠানের দিনক্ষণ পেছানোর জন্য বরং স্টার প্লাসকে পটাতে শুরু করেছেন। ৫৯টা ম্যাচ যতদিন না শেষ হচ্ছে ততদিন তার অনুষ্ঠান পেছানো খুব দরকার।
শাহরুখের ভাগ্যে শিকে বোধ হয় ছিঁড়তে যাচ্ছে। কারণ প্রযোজক সিদ্ধার্থ বসু নতুন অনুষ্ঠানসূচী ঘোষণা করার কথা বলেছেন। শাহরুখের কথা না শুনে বা কী করবেন। প্রচারেই প্রসারের যুগ বলে কথা। যে উদ্দেশ্যে শাহরুখকে নিয়েছেন তাই যদি না হল তবে অনুষ্ঠান প্রচার করে কী লাভ! এতে কিছুটা হলেও শাহরুখ বিড়ম্বনার হাত থেকে মুক্তি পাবেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/২০১০ ঘ.
bdnews24