২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপুর গালে কাজী হায়াতের চড় বিষয়ক জটিলতা

চিত্র নায়িকা অপুর গালে পরিচালক কাজী হায়াৎ চড় মেরেছিলেন। এর আগে এমন অভিযোগ করলেও এখন অপু বিশ্বাস বলছেন কাজী হায়াৎ নয়, চড় মেরেছিলেন কাজী হায়াতের নির্দেশে তার দলের লোকেরা। অথচ এই চড় মারা নিয়ে শিল্পী সমিতির সিদ্ধান্ত অনুসারে কাজী হায়াৎকে প্রধান আসামী করে ইতিমধ্যেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন অপু বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চিত্র নায়িকা অপুর গালে পরিচালক কাজী হায়াৎ চড় মেরেছিলেন। এর আগে এমন অভিযোগ করলেও এখন অপু বিশ্বাস বলছেন কাজী হায়াৎ নয়, চড় মেরেছিলেন কাজী হায়াতের নির্দেশে তার দলের লোকেরা। অথচ এই চড় মারা নিয়ে শিল্পী সমিতির সিদ্ধান্ত অনুসারে কাজী হায়াৎকে প্রধান আসামী করে ইতিমধ্যেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন অপু বিশ্বাস। এই প্রসঙ্গে অপু বলেন, "হায়াৎ আংকেল আমাকে চড় মারেননি। মেরেছে ওনার সহযোগীরা। আর সেটা করেছে হায়াৎ আঙ্কেলের নির্দেশেই। তাই কাজী হায়াতের বিরুদ্ধে আমি মামলা করেছি। এছাড়া কাজী হায়াতের ছেলে মারুফ আমাকে এসিড নিক্ষেপ করবে বলে হুমকি দেয়। আর মামলার ব্যাপারে আমার কোন মন্তব্য নেই। এই সম্বন্ধে শিল্পী সমিতির সিদ্ধান্তই চূড়ান্ত।" কাজী হায়াৎকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি অপুকে চড় মারিনি। মেরেছে তারই মা। আর মামলা যেহেতু হয়েছে, আমাকে আদালতে ডাকলে আমি অবশ্যই আদালতে যাব। কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।" এদিকে ৪ ও ৫ মার্চ শিল্পী সমিতির ধর্মঘট চলার সময় মঈন বিশ্বাস পরিচালিত 'ভুল সবই ভুল' ছবির ডাবিং এর কাজ করার জন্য কাজী হায়াৎ এর শিল্পী সমিতির সদস্য পদ বাতিল করা হয় বৃহস্পতিবার। কাজী হায়াৎ পরিচালক হলেও বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের সূত্রে তিনি শিল্পী সমিতিরও সদস্য ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অপু বিশ্বাসের দায়ের করা মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই ফোরকান উদ্দিন। তিনি জানান, "এখনও তদন্ত চলছে। তবে ধীর গতিতে। কারণ যাদের আসামী করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কোন ঠিকানা বা ফোন নম্বর দেয়া হয়নি। তাছাড়া আজ এবং গতকাল ছিল সাপ্তাহিক ছুটির দিন। আশা করা যায় আগামী কাল থেকে তদন্তের গতি বৃদ্ধি পাবে।" তিনি আরও জানান, শিল্পী সমিতি নয়, মামলাটি অপু বিশ্বাস ব্যাক্তিগত ভাবেই করেছেন। এই মামলার সঙ্গে জড়িত আটজন জামিন পেয়েছে, এই খবর ছাপা হয়েছে একটি পত্রিকায়। তবে তদন্তকারী কর্মকর্তা জানান, জামিন সংক্রান্ত কোন কাগজ তার হাতে এসে পৌছায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএএম/ওএস/এমআইআর/১৮৫৩ঘ.