মার্চ ৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অজয় দেবগন, কাজল এবং কাজলের মা তনুজা একসঙ্গে ভারতের ছোট পর্দায় প্রচারিত একটি নৃত্যানুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করবেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
জি-টিভিতে রক-এন-রোল নামে একটি নাচের প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানটি আগামী ১৪ মার্চ থেকে সা রে গা পা মা নামে প্রচারিত হবে। এই অনুষ্ঠানে অজয় দেবগন, তার বউ অভিনেত্রী কাজল এবং অজয়ের শাশুড়ী তনুজা একত্রে বিচারকের দায়িত্ব পালন করবেন।
রক-এন-রোল পরিচালক সতীশ দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অজয় দেবগনকে প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার পর তিনি তার পরিবার নিয়ে এই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করতে সম্মত হন।"
অনুষ্ঠানটি ১৭ পর্বে বিভক্ত যেখানে অনেকগুলো পরিবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে জয়ী পরিবার পাবে ৫০ লাখ রূপী। জি-টিভির সূত্র জানায়, সারা দেশ থেকে ১২টি পরিবারকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে। যেকোন পরিবারের দাদা-দাদী, নানা-নানী, সন্তান, নাতি-নাতনী সবাই এ প্রতিযোগিতায় একত্রে নাচতে পারবে। অনুষ্ঠানের ধরণটি একটু ভিন্ন ধরনের এবং এতে নাটকীয় অনেক উপাদান থাকবে। আশা করা হচ্ছে এ প্রতিযোগিতার মাধ্যমে বেশ কিছু নৃত্য প্রতিভা খুঁজে পাওয়া সম্ভব হবে।
জি-টিভি শরদ কেলকারকে অনুষ্ঠানটির সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ টিএটি/এমআইআর/১২২৪ ঘ
bdnews24