মার্চ ১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ২০০৮ সালে বলিউডের সবচেয়ে আলোচিত ছবি হবে সুভাষ ঘাইয়ের 'যুবরাজ', এরকমটাই ধারণা করা হচ্ছে। আর এই ছবিতে সালমান খান, অনিল কাপুর, জায়েদ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
গীতসমৃদ্ধ এই ছবিতে মিঠুনের অভিনয় করা সম্পর্কে জানতে চাইলে সুভাষ ঘাই বলেন, "হ্যা, মিঠুন যুবরাজে একটা বিশেষ চরিত্রে অভিনয় করবে। ছবিটির বিচারে চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে তার সঙ্গে ৪/৫ দিনের শুটিং হয়ে গেছে।"
ছবির নাম কেউ বলছেন ম্যায় যুবরাজ, কেউ বলছেন যুবরাজ। কোনটা ঠিক জানতে চাইলে ঘাই বলেন, "আমি সবাইকে বলছি যুবরাজ। ছবির নাম অবশ্যই যুবরাজ, ম্যায় যুবরাজ নয়।"
ছবির অর্ধেক কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ২৪ অক্টোবর ছবি মুক্তি পাবে বলে জানান সুভাষ। ওই একই দিনে মুক্তা আর্টস তাদের ৩০ তম বার্ষিকী উদযাপন করবে।
এর আগে মার্চের ৭ তারিখে মুক্তি পাবে ঘাইয়ের 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট'। এতে অভিনয় করেছেন অনিল কাপুর, শেফালী শাহ ও নবাগত অনুরাগ সিনহা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৭০৯ ঘ
bdnews24