লস এঞ্জেলস, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- 'নো কান্ট্রি ফর ওল্ড মেন' ছবির জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার জয় করলেন দুই ভাই জোয়েল কোয়েন ও ইথান কোয়েন। তারা একসঙ্গে এই ছবিটি পরিচালনা করেছিলেন। ১৯৬১ সালের পর এই প্রথম দুই জন পরিচালক একটি অস্কার ভাগাভাগি করে নিলেন। এর আগে ১৯৬১ সালের 'ওয়েস্ট সাইড স্টোরি' ছবির জন্য সেরা পরিচালক হিসেবে যৌথভাবে অস্কার জয় করেন রবার্ট ওয়াইজ ও জেরোম রবিন্স।
জোয়েল কোয়েন এর বয়স ৫৩ এবং ইথান কোয়েন ৫০। ২০০৭ সালে হলিউডের বেশ কিছু আসরে পুরস্কৃত হওয়ার কারণে অনেকেই ধারণা করেছিলেন যে এবারে সেরা পরিচালকের অস্কার এরাই পাবেন।
কোয়েন ভ্রাতৃদ্বয়ের এটাই প্রথম অস্কার জয় নয়। এর আগে এই দুই ভাই ১১ বছর আগে 'ফারগো' ছবির জন্য সেরা মৌলিক চিত্রনাট্য ক্যাটাগরিতে অস্কার জয় করেছিলেন।
'নো কান্ট্রি' তাদের প্রথম ছবি যেটা তারা পুরোপুরি একটি উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন। করম্যাক ম্যাকার্থির উপন্যাস অবলম্বনে নির্মিত থ্রিলারধর্মী এ ছবি আতঙ্ক, হতাশা, আদর্শিক অবক্ষয়কে কেন্দ্র করে গড়ে উঠলেও এর মূল ভাবনায় রয়েছে মানবিক মূল্যবোধ। ছবিতে ঠান্ডা মাথার খুনির ভূমিকায় অভিনয় করা স্পেনিয় অভিনেতা জেভিয়ার বারডেম সেরা সহ অভিনেতার পুরস্কার পান।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১২০২ ঘ
bdnews24