ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- "অতিরিক্তটুকুর চেয়ে মূল্যবান আর কিছু নেই।" এরকম একটা কথা বলেছিলেন অস্কার ওয়াইল্ড। খাস বাংলায় বললে, আসলের চেয়ে ফাওয়ের মজা বেশি। যেমন বেতনের চেয়ে বোনাসের।
প্রবচনের মর্মটা ভালো করেই বুঝছেন বলিউড তারকারা, বিশেষ করে শাহরুখ খান। অভিনয় তাদের মূল পেশা, বিজ্ঞাপনের কাজটা করেন কেউ শখের বশে, কেউ একটু 'অতিরিক্ত আয়ের' আশায়।
কিন্তু হালে দেখা যাচ্ছে তাদের মোট বার্ষিক আয়ের একটা উল্লেখযোগ্য অংশই আসছে এইসব বিজ্ঞাপন থেকে। আর শাহরুখের ক্ষেত্রে ছবি করে আয়ের চেয়ে বিজ্ঞাপনের আয় এখন অনেক অনেক বেশি। অর্থাৎ বিজ্ঞাপনের ক্ষেত্রেও তিনিই বলিউড বাদশাহ।
বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার হিসেব ঘেঁটে ভারতের টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, বছরে বিজ্ঞাপনের সুবাদে শাহরুখ আয় করেন ১৫০ কোটি রুপি যা যে কোন ভারতীয় বিজ্ঞাপন মডেলের চেয়ে বেশি। শাহরুখের চেয়ে অনেক বেশি পণ্যের বিজ্ঞাপন করলেও অমিতাভ বচ্চন আয় করেন ১২০ কোটি রুপি।
বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের ক্ষেত্রে এর পরের অবস্থান হৃত্বিক রোশান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের। এ খাতে এই দুজনের আয় ১০০ কোটি রুপির নিচে।
কোমল পানীয়, কলম, কেশ তৈল, হীরক, স্যুট, কম্পিউটার, সাবান, গাড়ি, এন্টিসেপটিক ক্রিম, রিয়েল এস্টেট, ওয়াশিং পাউডার, ঘড়ি, মোটরবাইক থেকে শুরু করে চব্যনপ্রাশ তক বিস্তর জিনিসের বিজ্ঞাপন করেন এই তারকারা।
বিজ্ঞাপন নিয়ে তাদের কেন এতো মাতামাতি? শীর্ষস্থানীয় বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাকার বলেন, "কারণটা খুবই সোজা। একটা হলো বিজ্ঞাপনদাতার আগ্রহ আরেকটা হলো সেলেব্রিটি হিসেবে নিজেকে প্রচারের আকাঙ্খা, সঙ্গে দুটো কড়ি।"
কাকার ব্যাখা করে বলেন, "শাহরুখ বছরে বড়জোড় দুটো ছবিতে অভিনয় করতে পারেন। ছবি প্রতি তিনি পান ৫ থেকে ৬ কোটি রুপি। অন্য দিকে বছরে তিনি ২০টা বিজ্ঞাপনে কাজ করেন। প্রতি বিজ্ঞাপনের জন্য ৭ থেকে ৮ কোটি রুপি পেলে বছরে এ খাতে তার আয় হয় ১৪০ থেকে ১৬০ কোটি রুপি।"
আরেক বিজ্ঞাপন নির্মাতা সন্তোষ দেশাই বলেন, "বিজ্ঞাপনদাতাদের হিসেবটা খুব পরিস্কার। তারা চান তাদের পণ্য বিক্রি হোক। কাজটা বলিউড তারকা বা ক্রিকেটারদের দিয়ে সবচেয়ে ভালো হয়। পণ্য যেমনই হোক বিজ্ঞাপনে এদের কারিশমায় জিনিস বিকোবেই। ফলে শীর্ষ তারকাদের বেছে নেন তারা।"
ইতোমধ্যে শাহরুখ অবশ্য একবার বলেছেন যে সেলেব্রিটিদের কারণেই সবসময় বিক্রি বাড়ে, এটা ঠিক নয়। কিন্তু ঘটনা হচ্ছে, শাহরুখ আর অমিতাভ বচ্চন বিজ্ঞাপনে থাকলে সে জিনিস বিক্রি হবেই, এটা পরিক্ষীত।
গীতিকার ও বিজ্ঞাপন নির্মাতা প্রসুন যোশী বলেন, "বিজ্ঞাপনে এখন অনেক অর্থ।"
এর ভবিষ্যৎ কী জানতে চাইলে কাকার বলেন, "অর্থনীতি যতো স্ফীত হবে এ খাতে রুপির যোগান আরও বাড়বে।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৩১৩ ঘ
bdnews24