২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরদৌসের নাটকে পূর্ণিমার বিপরীতে হাসান মাসুদ

প্রথমবারের মত চিত্রনায়িকা পূর্ণিমার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা হাসান মাসুদ। তবে বড় পর্দায় নয়, ছোট পর্দায়। আর ছোট পর্দার জন্য নাটকটি প্রযোজনা করছেন চিত্র নায়ক ফেরদৌস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

জানুয়ারি ৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মত চিত্রনায়িকা পূর্ণিমার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা হাসান মাসুদ। তবে বড় পর্দায় নয়, ছোট পর্দায়। আর ছোট পর্দার জন্য নাটকটি প্রযোজনা করছেন চিত্র নায়ক ফেরদৌস। ফেরদৌস জানান, তার প্রযোজনা সংস্থা 'সিনেমা স্কোপ' থেকে নির্মিত হতে যাওয়া নাটকটির নাম 'রইসউদ্দীনের প্রেম'। রওনক হাসানের লেখা এই নাটকটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাভু। ২৯ ফেব্র"য়ারি ও ১ মার্চ এই নাটকটির শুটিং হবে ঢাকাতে। প্রযোজক ফেরদৌস বলেন, "এক খন্ডের এই নাটকটির গল্প অনেক মজার। চরিত্র অনুযায়ী হাসান মাসুদ ও পূর্ণিমাকে দেখে দর্শকরা খুব মজা পাবেন আশা করি।" এই নাটকে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, "ফেরদৌসের প্রোডাকশনের এই নাটকটির গল্প কমেডি ধরনের। তাছাড়া হাসান মাসুদও একজন মজার অভিনেতা। তার সঙ্গে অভিনয় করেও মজা পাব।" 'রইসউদ্দীনের প্রেম' ছাড়াও ফেরদৌস প্রযোজিত আরও দুটি নাটক প্রচারের অপেক্ষায় আছে। একটি হচ্ছে 'বিলীন' অন্যটি 'ছুটির ঘন্টা'। নাটক প্রযোজনা ছাড়াও ফেরদৌস ইদানিং লেখালেখি নিয়েও ব্যস্ত। তার লেখা প্রথম বই 'হঠাৎ বৃষ্টি' এবং 'ডট ডট ডট' প্রকাশিত হয়েছে এই বই মেলায়। বইটি এনেছে 'ইত্যাদি' প্রকাশনী। 'হঠাৎ বৃষ্টি' ছবির শুটিং থেকে এ পর্যন্ত কলকাতার যেসব ছবিতে ফেরদৌস অভিনয় করেছেন, সেগুলোর অভিজ্ঞতাই লিখেছেন 'হঠাৎ বৃষ্টি' বইটিতে। ফেরদৌসের ইচ্ছা প্রতি বছর বই মেলায় অন্তত একটি বই প্রকাশ করবেন। তিনি বলেন, "আমি সাংবাদিকতায় পড়ালেখা করেছি। তাই লেখালেখির প্রতি বরাবরই আগ্রহ ছিল। সময়ের অভাবে লেখা হয়নি এতোদিন। এবার আশা করি সময় করে প্রতি বছর অন্তত একটা বই একুশের বই মেলায় প্রকাশ করতে পারব। তাছাড়া পাঠকরা যদি আমার লেখা পছন্দ করে, তাহলে উপন্যাস লেখারও ইচ্ছা আছে।" ফেরদৌস জানান, তিনি এখন তার ছোটবেলার নারায়নগঞ্জে কাটানো দিনগুলি নিয়ে একটি ফিকশনধর্মী কিশোর উপন্যাস লেখার প্রস্তুতি নিচ্ছেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২১৪৩ঘ.