জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফেরডটকম) -- অ্যাঞ্জেলিনা জোলির বাবা জন ভয়েট আশা করছেন, জোলির মা হওয়া নিয়ে মিডিয়ায় যেসব খবর প্রচারিত হচ্ছে তা যেন সত্যি হয়। আর যমজ বাচ্চার গুঞ্জনটা যদি সত্যি হয় তাহলে জন ভয়েটের জন্য তা হবে আরও আনন্দের। মেয়ের সঙ্গে সম্পর্ক ভাল না থাকলেও। খবর মার্কিন ওয়েবসাইটের।
একটি টিভি চ্যানেলকে ভয়েট বলেছিলেন তার মেয়ে খুবই আবেগপ্রবণ. এটা তার একটা সমস্যা। এরকম মন্তব্যের ফলে জোলি-পিট দম্পতির প্রথম দত্তক সন্তান নেওয়ার ব্যাপারটি হুমকির মুখে পড়ার আশংকা দেখা দিয়েছিল।
গত কিছুদিন ধরেই জোলির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে নানা ধরণের গুজব শোনা যাচ্ছিল। আর গত রবিবার সেই গুজবের আগুনে অ্যাঞ্জেলিনা জোলি ঘি ঢেলেছেন 'স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে ব্রাড পিটের সঙ্গে মাতৃত্বকালীন পোশাক পরে হাজির হয়ে।
হলিউডের এই তারকা দম্পতি ইতিমধ্যেই চার সন্তানের জনক। দত্তক নেওয়া সন্তানরা হল - ছয় বছরের ম্যাডক্স, চার বছরের প্যাক্স, তিন বছরের জাহারা। আর জোলির নিজের সন্তান ২০ মাসের শিলোহ।
বিডিনিউজটোয়েন্টিফেরডটকম/টিএন/ওএস/এমআইআর/২১২৭ঘ.
bdnews24