জানুয়ারি ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অনেকগুলি জনপ্রিয় টেলিসিরিয়ালের পর ভারতের বালাজী টেলিফিল্মসের কর্ণধার একতা কাপুর এবার সব নাটকের আধার মহাভারত নিয়ে মাঠে নামছেন। ভারতীয় এই পুরাণ অবলম্বনে তিনি বড় আকারের সিরিয়াল তৈরি করবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বালাজীর সেরা অভিনেতারা এই সিরিয়ালে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ফেব্র"য়ারির শেষ সপ্তাহ কিংবা মার্চের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে। নতুন কোন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে চলতি বছরের মাঝামাঝি।
টিভি মাধ্যমে দীর্ঘ দিন থাকলেও এটাই একতা কাপুরের প্রথম পুরাণ ভিত্তিক কোন কাজ।
একাধিক সূত্র এ ব্যাপারে জানিয়েছে, "একতা মহাভারত নিয়ে কাজ শুরু করেছেন। মনে হচ্ছে, এ সময়ের অন্যতম সেরা শো হিসেবে এটাকে দাড় করাতে চেষ্টার কোন ক্রটি করবেন না তিনি। শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোদমে। বালাজীর সেরা অভিনেতাদের সঙ্গে সিরিয়াল নিয়ে কথাও বলছেন তিনি। সিরিয়ালটি প্রতিদিন দেখানো হবে। এর নির্মাণব্যয়ও প্রচুর।"
ছবিতে সম্ভাব্য অভিনেতাদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, চেতন হংসরাজ, রণিত রায়, সাব্বির আলুওয়ালিয়া, আমীর আলী, জয় ভানুশালি, করন প্যাটেল, রাম কাপুর ও হিতেন তেজানি। একতা গৌরি প্রধান ও সাক্ষী তানওয়ারের সঙ্গেও এ বিষয়ে আলাপ করেছেন। তবে পঞ্চপান্ডব ও কৌরবদের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন সেটা এখনো পরিস্কার নয়। তবে কৃষ্ণের চরিত্রে কে অভিনয় করবেন সেটা শিঘ্রই চূড়ান্ত করা হবে।"
এ ব্যাপারে একতা গণমাধ্যমের সঙ্গে এখনই কোন কথা বলতে নারাজ।
ঘটনাচক্রে ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদীও এখন মহাভারত নিয়ে সিরিয়াল তৈরি করছেন। প্রায় একই সময়ে সিরিয়াল দুটি প্রচারিত হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২১৩৯ঘ.
bdnews24