জানুয়ারি ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- টক শো নয় এবং ইংরেজিতেও নয়, পুরো হিন্দিতে একটা মিউজিক রিয়ালিটি শোতে অংশ নিচ্ছেন সিমি গারেওয়াল। অনুষ্ঠানে তিনি অন্যতম বিচারক। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সিমি জানান, "রঁদেভূ উইথ সিমি গারেওয়াল' এর পরে অনেক অনুষ্ঠান করার প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি চাচ্ছিলাম বিশেষ কিছু করার জন্য। সমীর আমার খুব ভালো বন্ধু। ও যখন নতুন চ্যানেলে (এনডিটিভি ইমাজিন) রিয়ালিটি শো উপস্থাপনের জন্য আমাকে বলল তখন আর না করতে পারলাম না।"
অনুষ্ঠানে তার সঙ্গে বিচারক হিসেবে থাকছেন করন জোহরও। কোন রিয়ালিটি শোতে এবারই প্রথম বিচারক হিসেবে এলেন সিমি।
রঁদেভূতে পুরোদস্তুর ইংরেজি চালিয়ে গেলেও এ অনুষ্ঠানে একটিও ইংরেজি না বলার ব্যাপারে সতর্ক ছিলেন সিমি।
এ প্রসঙ্গে তিনি বলেন, "অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাকে হিন্দিতেই কথা বলতে হবে। হিন্দি দর্শকদের জন্য অনুষ্ঠান করলে হিন্দি কথা না বলা অন্যায়। সে জন্য আমি ঠিক করেছি এর পর যত অনুষ্ঠানই করি না কেন, হিন্দিতে কথা বলব। প্রথম প্রথম অবশ্য একটাও ইংরেজি না বলে কথা বলতে খুব অস্বস্তি লাগছিল। তবু আমি এটা করেছি।"
শাবা শাবার পর তাকে আবারও মিনি পর্দায় দেখা যাবে কী না জানতে চাইলে সিমি বলেন, "আমার হাতে এখন তিনটি প্রজেক্ট আছে। একটা হলো রঁদেভুটাই আবার চালু করা, তবে হিন্দিতে এবং সম্পূর্ণ নতুন ফরম্যাটে। এ ছাড়াও আরও দুটো শো করার প্রস্তাব আছে।"
বিশিষ্ট উপস্থাপিকা জানান, "রঁদেভুটা আসলে হিংলিশেই হবে। কারণ আমাদের অতিথিদের অনেকেই ভাল হিন্দি বলতে পারেন না। অনুষ্ঠানের অতিথিদের একটা তালিকা আমি ইতিমধ্যে করেছি। সেরা ১২ জন তারকাকে বাছাই করা হয়েছে। শচীন তেন্ডুলকার ইতোমধ্যে এ অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানিয়েছেন।"
সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি'র কিংবা বলিউডের বিখ্যাত 'কর্জ' ছবির এই তারকা জানালেন, "প্রতি মাসেই একাধিক প্রস্তাব পাই ছবিতে অভিনয়ের জন্য। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় করছি না। এতোদিন পর ছবিতে ফিরলে ভালো কোন চরিত্রেই অভিনয় করতে চাইব।"
'কর্জ' ছবিতে তার চরিত্রটি উর্মিলা মাটোন্ডকার করবেন। তবে সিমির নিজের পছন্দ ছিল সুস্মিতা সেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৩৬ ঘ
bdnews24