২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মশ্রী পেয়েছেন মনোজ নাইট শ্যামালান

বলিউডের চেয়ে হলিউডেই নাইট শ্যামালানের পরিচিতি বেশি। 'দি সিক্সথ সেন্স' ছবির পরিচালক বললে অবশ্য তাকে বেশি করে চেনা যায়। ভারতে ততটা তারকা খ্যাতি না পেলেও ভারত সরকার পন্ডিচেরীতে জন্ম নেওয়া এই গুনী চলচ্চিত্রকারকে ঠিকই সম্মানিত করেছে এ বছর তাকে পদ্ম শ্রী উপাধি দিয়ে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 06:34 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জানুয়ারি ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউডের চেয়ে হলিউডেই নাইট শ্যামালানের পরিচিতি বেশি। 'দি সিক্সথ সেন্স' ছবির পরিচালক বললে অবশ্য তাকে বেশি করে চেনা যায়। ভারতে ততটা তারকা খ্যাতি না পেলেও ভারত সরকার পন্ডিচেরীতে জন্ম নেওয়া এই গুনী চলচ্চিত্রকারকে ঠিকই সম্মানিত করেছে এ বছর তাকে পদ্ম শ্রী উপাধি দিয়ে। খবর ভারতীয় ওয়েবসাইটের। ভারতীয়-আমেরিকান এই অভিনেতা, পরিচালক, প্রযোজক ও লেখক শ্যামালান এর দুটো ছবি দি ভিলেজ ও দি সিক্সথ সেন্স অস্কার মনোনয়ন পায়। সুপারন্যাচারাল কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণে সিদ্ধহস্ত শ্যামালান ১৯৭০ সালের ৬ আগস্ট জন্মগ্রহণ করেন। বাবা মালায়ালী, নাম নেলিয়াত্তু সি শ্যামালান। মা তামিল, নাম জয়লী। দুজনেই পেশায় ডাক্তার। ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়ার পেন ভ্যালিতে শৈশব থেকে বড় হয়েছেন শ্যামালান। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ১৯৯২ সালে পড়াশোনা শেষ করে তিনি চলচ্চিত্র তৈরিতে পুরোপুরি মনোনিবেশ করেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় চলচ্চিত্রকার হওয়া। অল্প বয়সে পাওয়া সুপার এইট ক্যামেরা নিয়ে স্পিলবার্গের এই ভক্ত ৪৫টি হোম মুভি তৈরি করে ফেলেন। শ্যামালান জানান, বাবা তাকে ডাক্তার বানাতে চাইলেও মা তাকে নিজের ইচ্ছে মতো কাজ করার প্রেরণা যুগিয়েছেন সবসময়। ছাত্রাবস্থায় তৈরি তার প্রথম ছবি 'প্রেয়িং উইথ অ্যাঙ্গার' ১৯৯২ সালের টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ১৯৯৯ সালে তিনি 'স্টুয়ার্ট লিটল' ছবির চিত্রনাট্য লেখেন। পরবর্তী ছবি দি সিক্সথ সেন্স তাকে বিপুল পরিচিতি এনে দেয়। অস্কারে সম্পাদনা, সহ অভিনেতা, সহ অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা ছবি ও মৌলিক চিত্রনাট্য ক্যাটাগরিতে মনোনয়ন পায় ছবিটি। ৪০ মিলিয়ন ডলারে নির্মিত ছবিটি দুনিয়া জুড়ে ৬০০ মিলিয়ন ডলার ব্যবসা করে। তার 'দি ভিলেজ' চলচ্চিত্রও বেস্ট অরিজিনাল স্কোর ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পায়। 'আনব্রেকেবল' ও 'সাইনস' ছবি দুটিও বোদ্ধা দর্শকদের কাছে সমাদৃত হয় ব্যাপকভাবে। বর্তমানে শ্যামালান তার 'দি হ্যাপেনিং' ছবির কাজ নিয়ে ব্যস্ত। ১৯৯৩ সালে ভারতীয় মনোবিজ্ঞানী ভাবনাকে বিয়ে করেন শ্যামালান। তাদের সংসারে দুটি কন্যা রয়েছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২২৪ ঘ