২৩ জানুয়ারি (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউড অভিনেতা কেইফার সাদারল্যান্ড টানা ৪৮ দিন হাজত খেটে সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন । মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং একই অপরাধ দুবার করায় আদালত তাকে এ শাস্তি দেয়। খবর মার্কিন একটি ওয়েবসাইটের ।
কারা পুলিশ জন বেলিয়ান বলেন, "সাদারল্যান্ড বন্দি থাকা অবস্থায় কোন ধরণের সমস্যা বা অভিযোগ করেননি।" তিনি আরও জানান, " বন্দি অবস্থায় তিনি কারাভ্যন্তরে ধোপার কাজ করেছেন।"
সাদারল্যান্ড গত বছর সেপ্টেম্বরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার হন। 'ড্রাঙ্কেন ড্রাইভিং কনভিকশন ২০০৪' অনুয়ায়ি আগামী পাঁচ বছরের মধ্যে তিনি আর এই অপরাধ করতে পারবেন না। আর তাকে এখন ১৮ মাসের 'মাদকাসক্তি শিক্ষা কার্যক্রম' এবং ছয় মাসের 'থেরাপি সেশনে' ভর্তি হতে হবে।
কেইফার আরেক টিভি তারকা ডোনাল্ড সাদারল্যান্ডের ছেলে। ৪১ বছর বয়সী এ তারকা মার্কিন টিভি সিরিয়াল '২৪' এর জনপ্রিয় অভিনেতা। গত বছর টিভি শো 'এজেন্ট জ্যাক বাউয়ার' এ অভিনয় করে অ্যামি অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।
শো'টির প্রতিটি পর্ব গড়ে ১ কোটি ৩৫ লাখ দর্শক প্রত্যক্ষ করেন। এটি ফক্স টিভিতে প্রদর্শিত হচ্ছে।
সাদারল্যান্ডের সাজার ফলে সিরিয়ালের কাজের কোন ব্যাঘাত ঘটেনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/১৯৪০ঘ.
bdnews24