জানুয়ারি ২২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ফ্রান্সের বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা অফিসার অফ দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস পাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এর আগে এই সম্মাননা পেয়েছেন জর্জ ক্লুনি, ক্লিন্ট ইস্টউড, রবার্ট রেডফোর্ড, মেরিল স্ট্রিপ ও ব্র"স উইলিস এর মতো তারকারা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ফ্রান্স ও বিশ্বের অন্যত্র যারা তাদের সৃজনশীলতার মাধ্যমে শিল্প সংস্কৃতি ও সাহিত্যের জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের এই বিশেষ সম্মান দিয়ে থাকে ফ্রান্স সরকার। এর আগে ভারতের অরুন্ধুতি রায় এই বিশেষ সম্মাননা পান।
২৭ জানুয়ারি মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহরুখ খানকে এই সম্মাননা দেয়া হবে। ওইদিন মুম্বাইয়ে এক বিশেষ ফরাসী চলচ্চিত্র উৎসবেরও উদ্ধোধন হবে।
ধারণা করা হচ্ছে, শাহরুখ খানের হাতে এই সম্মাননা তুলে দেবেন ভারত সফররত ফরাসী রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি। সারকোজি কোন কারণে তা না করতে পারলে ভারতে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট এই দায়িত্ব পালন করবেন।
ভারতের ফরাসী দূতাবাসের ফরাসী চলচ্চিত্র ও টেলিভিশন দফতরের প্রধান মোহাম্মদ বেজেঁব্যুর বলেন, "ফ্রান্সে শাহরুখ দারুণ জনপ্রিয়। কয়েক বছর আগে এই তারকা যখন বীর জারা ছবির প্রিমিয়ারের জন্য প্যারিসে যান তখন টম ক্রুজের সঙ্গে একই হোটেলে ছিলেন তিনি। হোটেলের বাইরে তরুনীদের মহাসমাবেশ হয়েছিল তখন। হোটেলের গার্ডরা ভেবেছিল এরা সবাই টম ক্রুজকে দেখতে এসেছে। কিন্তু শাহরুখ হোটেল থেকে বেরিয়ে আসার পর তাদের তুমুল হর্ষধ্বনি দিতে দেখে গার্ডরা অবাক হয়ে যায়।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১০২১ ঘ
bdnews24