জানুয়ারি ১৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সত্তর দশকের বলিউড চলচ্চিত্রে 'ক্যাবারে কুইন' বলে পরিচিত হেলেন আবার ফিরে আসছেন রুপালি পর্দায়। রাজিব শর্মার 'বাচপান' ছবিতে দাদীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন একসময়ের এই বলিউড তারকা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সত্তর দশকের চলচ্চিত্রের বিখ্যাত এই নৃত্য শিল্পীকে শেষ দেখা গিয়েছিল ২০০৭ সালে সালমানের 'মারিগোল্ড' চলচ্চিত্রে। হেলেন সালমান খানের সৎ মা।
'বাচপান' ছবিতে হেলেন প্রধান একটি চরিত্রে কাজ করতে যাচ্ছেন। এই ছবিতে তাকে একজন ক্যাথলিক নারী-রূপে দেখা যাবে।
ছবিটির পরিচালক রাজিব শর্মা এর আগে সঞ্জয় লীলা বানশালি, মধুর ভান্ডারকারের মত বড় বড় পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়াও 'ফিরোজ নাদিয়াদওয়ালা'র প্রযোজনা প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন বেশ কিছু দিন।
'বাচপান'এ হেলেন হলেন প্রাচীনপন্থী আর খিটখিটে স্বভাবের দাদী, যার সব সুখ-দুঃখ ঘুরপাক খায় নাতি-নাতনিদের ঘিরে। ছবিতে হেলেনের বিপরীতে আছেন টম অল্টার। আর পদ্মীনি কোলাপুরে হেলেনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন এই ছবিতে।
ছবিটির চিত্রনাট্য লিখছেন নিরু শর্মা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২১৫৬ঘ.
bdnews24