জানুয়ারি ১৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউড 'ব্যাড বয়' হিসেবে খ্যাত সালমান খান এখন সপরিবারে লন্ডনে। মঙ্গলবার মাদাম তুসোর মোমের জাদুঘরে তার মূর্তির মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে। এই বিশেষ দিনে সালমানের সঙ্গে বান্ধবী কাটরিনা কাইফও ছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
মূর্তিটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২ লাখ পাউন্ড যা প্রায় ১ কোটি ৬২ লাখ রুপির কাছাকাছি।
বিশেষ ধরনের মোম আর সিলিকন দিয়ে সালমানের মূর্তি তৈরি করতে সময় লেগেছে মোট ১২ সপ্তাহ। পাঁচজন শিল্পীর অক্লান্ত পরিশ্রমের পর সালমানের হুবহু আদল আনা সম্ভব হয়েছে।
অমিতাভ বচ্চন, সালমানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই আর বন্ধু শাহরুখ খানের মোমের মূর্তির সঙ্গেই রাখা হবে সালমানের মূর্তি।
সালমানের অনুভূতি জানতে চাওয়া হলে তার স্বভাবসুলভ কৌতুকপূর্ণ জবাব ছিল, "আমার মনে হয় মহাত্মা গান্ধী আর ইন্দিরা গান্ধীর পরেই আমি এখানকার যোগ্যতম মানুষ।"
কিছু দিন আগে তুসোর মোমের ঘরে কোন বলিউড তারকার জায়গা হবে এ নিয়ে এক জরিপের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ। তাতে সাধারণ মানুষের সর্বোচ্চ ভোট পেয়ে মাধুরী দীক্ষিত, অভিষেক বচ্চন সহ মোট নয়জন বলিউড তারকাকে টপকে যান সালমান খান। ওই জরিপে দেখা গেছে দেশেতো বটেই, যুক্তরাজ্যেও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।
প্রায় দুই দশক আগে 'ম্যায়নে পিয়ার কিয়া' ছবি দিয়ে বলিউডে সালমানের যাত্রা শুরু। হিট-ফ্লপ, আলোচনা-সমালোচনা কোন কিছুই বলিউডে তার অবস্থান নষ্ট করতে পরেনি। এখনতো শাহরুখ, অক্ষয়ের পাশাপাশি সালমানের ছবি মানেই বক্স অফিস হিট।
৪২ বছরের সালমানের হাতে এখন রিমি জাফরির কমেডি 'গড তুসি গ্রেট হো', প্রভু দেবার 'পোক্কিরি', সুভাষ ঘাইয়ের সঙ্গীত নির্ভর ছবি 'ম্যায় যুবরাজ' সহ বহু ছবির কাজ আছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২১৫৩ঘ.
bdnews24