জানুয়ারি ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য শাম্মী কাপুর ও শর্মিলা ঠাকুরকে আজীবন সম্মাননা প্রদান করা হলো ৬ষ্ঠ পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র (পিআইএফএফ) উৎসবে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বৃহস্পতিবার পিআইএফএফ উৎসব শুরুর প্রাক্কালে গনেশ কালা ক্রিদা মঞ্চে যখন সম্মাননা নিতে শাম্মী কাপুর ও শর্মিলা ঠাকুর উঠে আসেন তখন তাদের সম্মানে বাজানো হয় তাদেরই অভিনীত বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গীত। এই দুজন শিল্পীর অভিনীত চলচ্চিত্রের অনেক জনপ্রিয় গান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'কাশ্মীর কি কলি' ও 'অ্যান ইভিনিং ইন প্যারিস'।
অনুষ্ঠানের শেষ মূহুর্তের আকর্ষণ হিসেবে উপস্থিত হন নানা পাটেকার।
৭দিন ব্যাপি এই উৎসবে বিভিন্ন দেশের ১৭০টি ছবি প্রদর্শন করা হবে।
এটাই ভারতের প্রথম চলচ্চিত্র উৎসব যেখানে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। এই বছর পুরস্কারের অর্থমূল্য ৩.২ মিলিয়ন রুপি।
চীনের ছবি 'টিথ অফ লাভ' প্রদর্শনের মাধ্যমে উৎসব শুরু হয়। এ সময় বিশ্বের বহু দেশের পরিচালক ও শিল্পী উপস্থিত ছিলেন।
পিআইএফএফ এর পরিচালক জব্বার প্যাটেল জানান, "এই উৎসবে বহু তরুন চলচ্চিত্র নির্মাতা অংশ নিয়েছেন। যাদের বেশির ভাগের গড় বয়স ২২ বছর।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/ ০০১৫ঘ.
bdnews24