ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ব্যাপক সাফল্যের পর খানিক বিরতি দিয়ে ভিন্ন ধরনের একটি পণ্যের মডেল হলেন তিশা।
ঘর পালানো তরুণীর জায়গায় এবার তাকে দেখা যাবে কেশবতী কন্যা হিসেবে। আর কেশবতী কন্যা মানেই তো নারিকেল তেল। স্কয়ার টয়লেট্রিজের জুঁই নারকেল তেলের মডেল হয়েছেন তিনি।
গল্পনির্ভর এই বিজ্ঞাপনটিতে তিশাকে দেখা যাবে একজন মডেলের চরিত্রে। যে মডেলের সামনে শুটিংরত নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন নাট্য নির্মাতা ও অভিনেতা আবদুল্লাহ রানা।
জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা নতুন এ বিজ্ঞাপনটির নির্মাতা। চলতি সপ্তাহে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে । এখন চলছে এডিটিং এর কাজ ।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে তিশা বলেন," অমিতাভ রেজার কাজ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই কাজটি করে ভাল লেগেছে। তবে টেনশনে আছি দর্শকদের মর্জি নিয়ে। এখন পর্যন্ত প্রতিটি বিজ্ঞাপনে যে সাড়া পেয়েছি তাতে সবাই আমার কাছে একটু বেশিই প্রত্যাশা করে। সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন হলেই ভালো।"
বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে চলতি মাসের শেষদিকে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এসএন/২০২৮ ঘ.
bdnews24