২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়ের জামিনে খুশি বলিউড

সঞ্জয় এখনো জেলে। আদালত তাকে জামিন দিলেও এখনও তিনি জেলের বাইরে আসতে পারেনি। পুরো বিষয়টাই এখনো প্রক্রিয়াধীন রয়েছে। সবকিছু মিলিয়ে সঞ্জয় এখন সুড়ঙ্গ শেষের আলো না দেখতে পেলেও কিছুটা তো আশার আলো ঠিকই দেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

আগস্ট ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঞ্জয় এখনো জেলে। আদালত তাকে জামিন দিলেও এখনও তিনি জেলের বাইরে আসতে পারেনি। পুরো বিষয়টাই এখনো প্রক্রিয়াধীন রয়েছে। সবকিছু মিলিয়ে সঞ্জয় এখন সুড়ঙ্গ শেষের আলো না দেখতে পেলেও কিছুটা তো আশার আলো ঠিকই দেখেছেন। জামিনে থাকাকালীন সঞ্জয় তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলেও প্রতি সপ্তাহে তাকে নিকটস্থ থানায় হাজিরা দিতে হবে। অন্যদিকে সঞ্জয়কে ফিরে পেয়ে বলিউডপাড়া বেশ খুশি। সেই খুশিতেই কয়েকজন জানালেন তাদের প্রতিক্রিয়া। অভিনেতা সুনীল শেঠি তার প্রতিক্রিয়ায় বলেন, "সত্যি কথা বলতে সঞ্জয়ের সাজার খবর আমি নিজ কানে শুনেও বিশ্বাস করতে পারছিলাম না। তবে এখন আমি খুবই খুশি আর ঈশ্বরকেও ধন্যবাদ, তিনি খুবই রহস্যময়। তিনি সব ভালোর জন্যই করেন।" প্রযোজক সঞ্জয় গুপ্ত বলেন, "সত্যের জয় হবেই। ভগবান সঞ্জয়ের মঙ্গল করুন।" প্রযোজক একতা কাপুর বলেন, "সঞ্জয় একজন বিখ্যাত অভিনেতা। তাকে অন্যায় সাজা দেয়া হয়েছে, কিন্তু সে কিছুতেই বলির পাঠা হতে পারে না, সে একজন সেলিব্রেটি। আমি টের পাচ্ছি, সে অচিরেই আমাদের জন্য এক উদাহরন হয়ে উঠবে। তার এবার জেল থেকে বেরিয়ে আসাই যেন শেষ আসা হয়। সে নির্দোষ, তাকে মিথ্যে দোষারোপ করে জেলে পাঠানো একেবারেই অন্যায়।" প্রযোজক অশোক ঠাকেরিয়া বলেন, "ধামাল সেপ্টেম্বরের সাত তারিখে রিলিজ হতে যাচ্ছে। কিন্তু আমি তার থেকেও বেশি খুশি সাঞ্জুকে ফিরে পেয়ে। সে শুধু আমার ছবির একজন স্টারই নয়, আমার ভালো বন্ধুও বটে। আমি আশা রাখি সিনেমাটির প্রিমিয়ার শোতে সাঞ্জুকে পাশে পাবো।" অভিনেতা রোহিত রায় বলেন, "খুশি হবার মতো খবরই বটে। জেলখানার জীবন আসলেই কঠিন। তার মতো একজন অভিনেতার জন্য ঐ পরিবেশ একেবারেই বেমানান। ব্যাপারটাতে আমরাও কষ্ট পেয়েছি। যাই হোক, তিনি বাড়ি ফিরছেন, এটাই বড় কথা।" প্রযোজক বান্টি ওয়ালিয়া বলেন, "এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। আমাদের সবার প্রার্থনা ভগবান রেখেছেন। তার সাথে আমার এখনই দেখা করতে ইচ্ছে করছে। আমি অবশ্যই তাকে জেল থেকে আনতে যাবো।" নির্মাতা করন জোহর বলেন, "সাঞ্জু এবং তার পরিবারের জন্য আমি খুবই চিন্তিত ছিলাম, এখন যেন বুকের উপর থেকে একটা ভার নেমে গেলো। সাঞ্জুও নিশ্চয়ই খুশি। সে শুধু আমার কাছেই নয়, আমার পুরো পরিবারের কাছেও প্রিয়। আমরা অন্তরের অন্ত:স্থল থেকে তার জন্য শুভকামনা জানাই।" প্রযোজক সুভাষ ঘাই বলেন, "লাখ লাখ মানুষের প্রার্থনার ফল এটা। সে আবার বাইরের খোলা হাওয়ায় শ্বাস নিতে পারবে, এতেই আমরা সবাই আনন্দিত। সে যে ভুল করেছিলো, আমি মনে করি তার যথেষ্ট সাজা সে ভোগ করেছে। এখন তাকে তার প্রয়াত পিতা, পরিবার এবং পুরো জাতিকে গর্বিত করার সময় এসেছে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/আরএইচকিউ/এসএন/২১৪৭ ঘ.