আগস্ট ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ লেখিকা মনিকা আলীর 'ব্রিকলেন' উপন্যাস অবলম্বনে তৈরি 'ব্রিকলেন' ছবিটি মুক্তি পাবে আগামী মাসে। এর প্রিমিয়ার শো হবে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে।
এ চলচ্চিত্রে পূর্ব লন্ডনের ব্রিকলেন নামক স্থানে বসবাসকারী বাংলাদেশীদের জীবনাচার তুলে ধরা হয়েছে। উপন্যাস প্রকাশের পর এখানে বসবাসকারী অনেকেই এর বিয়য়বস্তু নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। বিতর্কও কম হয়নি এ নিয়ে।
ব্রিকলেনের বাঙালীরা তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছিলো, "এই উপন্যাসে যা বলা হয়েছে সেটা আমাদের জন্য অপমানজনক।"
উপন্যাসের মতো চলচ্চিত্রেও দেখানো হয়েছে কীভাবে একটি মেয়েকে পারিবারিক সিদ্ধান্তের বলি হতে হয়। এবং তার ফলে মেয়েটির জীবনে ঘটে যায় অনেক অনাকাঙ্খিত ঘটনা।
২০০৩ সালে 'ব্রিকলেন' বইটি প্রকাশের পর থেকেই ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশীদের একটি অংশ এ বইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। তাদের ধারনা এ বইতে বাংলাদেশীদের অত্যন্ত নোংরা ভাবে উপস্থাপন করা হয়েছে।
ব্রিকলেন প্রকাশের পর মনিকা আলী বেশ কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
২০০৬ সালে ছবির শুটিংয়ের জন্য ব্রিকলেনে গেলে নির্মাতা প্রতিষ্ঠান রুবি ফিল্মস স্থানীয় বাংলাদেশীদের প্রতিবাদের মুখে পড়ে। ছবিটি পরিচালনা করেছেন সারাহ গেভরন।
৩২তম টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে হবে এর প্রিমিয়ার শো। ফেস্টিভাল শুরু হবে সেপ্টেম্বর ৬ তারিখ। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/২১৪২ ঘ.
bdnews24