আগস্ট ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জেরবাদা জেলে এখন দৈনিক ৭ ঘন্টা কাজ করতে হবে সঞ্জয়কে। কাঠমিস্ত্রিগিরি থেকে বাগানের দেখাশোনা, মোটর রিপেয়ার, বই বাঁধাই করার মতো কাজ করতে হবে তাকে। ভারতের অন্য যে কোন জেলখানার তুলনায় জেরবাদায় কাজের ধরন অনেক বিচিত্র। কামার কুমোরের কাজ থেকে দড়ি পাকানো, বোতাম তৈরি, রং করা, বীজ বোনা, বেতের কাজ করা, এনভেলাপ বানানো থেকে শুরু করে হরেক রকমের কাজ করে এখানের কয়েদীরা।
জেলখানার ম্যানুয়ালে কোন ধরনের কয়েদী কী রকমের কাজ করবেন সে ব্যাপারে বিস্তারিত বিবরণ রয়েছে।
নিয়ম অনুযায়ী, কোন কয়েদীই তার উপর অর্পণ করা কাজ করতে অসম্মতি জ্ঞাপণ করতে পারবে না।
তবে এক্ষেত্রে সঞ্জয় দত্তের ঘাবড়ানোর বিশেষ কিছু নেই। কারণ জেলের আইনে স্পষ্ট করেই বলা আছে যে " (কঠোর কায়িক শ্রমের মতো) কিছু সংরক্ষিত কাজ তাদেরই দেওয়া হবে যারা বন্দী হওয়ার আগে ওই ধরনের কাজ করেছে অথবা নিজে থেকেই ওই কাজ করতে চায়।"
জেলখানায় ভাল কাজ ও ভাল ব্যবহার মেয়াদ পুরো হওয়ার আগেই ছাড়া পাওয়ার ক্ষেত্রে কাজে দেয়।
শ্রম আইন কয়েদীদের বেলায়ও প্রযোজ্য। কেউ যদি নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় কাজ করে তাহলে সে ওভারটাইম পাবে। তবে জরুরী অবস্থা ছাড়া কোন কয়েদীই ৯ ঘন্টার বেশি পরিশ্রম করতে পারবে না। রবিবার সব কয়েদিই ছুটি ভোগ করবে। জেলখানার কর্মচারীরা কয়েদীদের দিয়ে তাদের ব্যাক্তিগত কাজ করিয়ে নিতে পারবে না।
এখনো পর্যন্ত সঞ্জয়ের কাজ শুরু হয় নি। সুপ্রিম কোর্টে জামিনের আবেদন মঞ্জুর হলে তাকে হয়তো কাজ করতে হবেও না। কিন্তু সেটা নাকচ হলে প্রতিদিন সকালে সোয়া ৮টা থেকে বেলা পৌনে ১১টা এবং পৌনে ১২টা থেকে বেলা সোয়া ৪টা পর্যন্ত তাকে ব্যস্ত থাকতে হবে কাজে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২১১২ ঘ.
bdnews24