ঢাকা, জুলাই ২৪ ( বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জনপ্রিয় ব্যান্ড দল 'ফিডব্যাক'র আলোড়ন সৃষ্টিকারী গানগুলোর রিমেক হচ্ছে। তবে রিমেক গানগুলো করছে না 'ফিডব্যাক' ব্যান্ডের শিল্পীরা । গানগুলো করবে এ প্রজন্মের নতুন শিল্পীরা। এখন চলছে শিল্পী বাছাই প্রক্রিয়া ।
ফিডব্যাকের পুরোনো হিট গান-- মেলায় যাইরে, মৌসুমী, টেলিফোনে ফিসফিস, বিদ্রোহী, মাঝি, ও রাই এর মতো জনপ্রিয় গানগুলো ধ্বনিত হবে নতুন প্রজন্মের শিল্পীদের কন্ঠে।
এছাড়া দীর্ঘ পাঁচ বছর পর বাজারে আসছে ফিডব্যাকের দ্বাদশ অ্যালবাম। এই অ্যালবামে মোট গান থাকবে ১০ টি। ইতিমধ্যে ৫টি গানের রেকডিং সম্পন্ন হয়েছে 'নয়েজ অব আর্ট' স্টুডিওতে।
অ্যালবামের গানগুলো লিখেছেন সাইফুল,গুঞ্জন ও মাহমুদ খুরশীদ। সুর ফিডব্যাক সদস্যদের। 'মনে হয়', 'জোস'সহ আরও কিছু শিরোনামের গান থাকছে এই অ্যালবামটিতে। এর আগে ২০০২ সালে ''০২' নামে ফিডব্যাকের সর্বশেষ অ্যালবাম বাজারে এসেছিল।
রিমেক এ অ্যালবাম সম্পর্কে ফিডব্যাক'র অন্যতম সদস্য ফুয়াদ নাসের বাবু জানান, আমাদের জনপ্রিয় গানগুলোতে নতুন স্বাদ আনতেই নতুনদের দিয়ে গানগুলো করানো হচ্ছে। এবার ভোকালটা হবে ভিন্ন তবে সুর ও কম্পোজিশন আগের মতনই থাকবে। গানগুলো নিয়ে অনেক স্বপ্ন আমাদের। আশা করি , আগামী দুমাসের মধ্যে অ্যালবামটি বাজারে আসবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমডিকে/২২১৯ ঘ.
bdnews24