তেহরান, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) -- বিতর্কিত লেখক সালমান রুশদীকে নাইটহুড উপাধি দেওয়ায় নাখোশ হয়েছে ইরান। ইরান সরকারের পক্ষ থেকে রোববার এই অসন্তোষের কথা জানানো হয়।
ইসলামের জন্য অবমাননাকর 'দি স্যাটানিক ভার্সেস' লেখার জন্য ১৮ বছর আগে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি সালমান রুশদির প্রাণদন্ড ঘোষণা করেন। ভারতে জন্ম নেয়া রুশদি তখন ৯ বছরের জন্য আত্মগোপনে যেতে বাধ্য হন।
রাণী এলিজাবেথের জন্মদিন উপলক্ষে শনিবার যে অনার্স লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য রুশদিকে নাইটহুড উপাধি দেয়া হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি রুশদিকে এই সম্মাননা জানানোর ঘটনাকে ইসলামের বিরুদ্ধে পরিচালিত একটি উদ্যোগ হিসেবে চিহ্নিত করেন।
হোসেইনি বলেন, "একজন বিশ্বাসঘাতক ও ঘৃণিত ব্যাক্তিকে সম্মাননা জানানোর ফলে অনিবার্যভাবে বৃটিশ কর্তৃপক্ষ ইসলামী সমাজগুলোর সঙ্গে যেচে বিবাদে জড়িয়ে পরলো।"
তিনি আরো বলেন, "ইসলামী সমাজের চোখে সবচেয়ে ঘৃণিত একজন লোককে বিশেষ পদমর্যাদা দিয়ে মূলত উচ্চ পর্যায়ের বৃটিশ কর্তারা ইসলামের সঙ্গে বৈরিতার কথাই ঘোষণা করলো।"
বৃটেনে প্রতি দু বছর অন্তর সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রাণীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়। এ বছর ৯৪৬ জনকে বিশেষ সম্মাননা জানানো হয়। এর মধ্যে নাইটহুড উপাধি পান ২১ জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৫০ ঘ
bdnews24