জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- অমিতাভ বচ্চনের পর এবার আমির খানের পালা। নিজেকে কৃষক দাবি করে পুনের কাছে অনেকখানি কৃষি জমি কিনে বিপাকে পরেছেন এই বলিউড অভিনেতা। মহারাষ্ট্র সরকার আমিরের কৃষক হওয়ার দাবিটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে। কৃষক ছাড়া অন্য কেউ কৃষি জমি কিনতে পারে না ভারতে। কিছুদিন আগে একইরকম ঝামেলায় পরেছিলেন অমিতাভ বচ্চনও। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
আমির খান জোর গলায় বলেছেন, " আমি জন্মসূত্রেই চাষা, আমার বাবা ছিলেন কৃষিবিদ, দাদাও ছিলেন কৃষিবিদ।" অস্কার মনোনয়ন পাওয়া 'লগন' ছবির এই অভিনেতা দাবি করেন, "আমি কোন জালিয়াতি করিনি। সব নিয়ম কানুন মেনেই জামি কিনেছি। কর্তৃপক্ষ আমার কাগজপত্র পরীক্ষা করে দেখতে চাইলে আমি খুবই খুশী হবো।"
'লগন' ছবিতে কৃষকদের জমির কর মওকুফের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে ক্রিকেট লড়াইয়ে অংশ নেন আমির।
রাজস্ব মন্ত্রী নারায়ন রানে পুনে ডিস্ট্রিক্ট কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আমিরের কৃষক হওয়ার বিষয়টি তদন্ত করে দেখার জন্য। খান পুনের মাবাল তালুকে ওই কৃষি জমি কেনেন।
রানে জানান, যে কোন ভারতীয় নাগরিকের কৃষি জমি কেনার অধিকার আছে যদি সে নিজে কৃষক হয় বা এর পক্ষে তার কোন কাগজপত্র থাকে।
মন্ত্রী প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেন যে, কেউ যদি জাল কাগজপত্র দেখিয়ে কৃষি জমি কিনতে চায় তাহলে তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেয়া হয়।
আমির খান জানান, "আমার পেশা অভিনয় হলেও জন্মসূত্রে আমি একজন কৃষক। উত্তর প্রদেশের শাহবাদে আমার বাবা, চাচা ও ফুফুদের আমবাগান রয়েছে। একজন সম্ভান্ত কৃষকের সন্তান হিসেবে আমিও একজন কৃষক। "
একই এলাকাতে কিছুদিন আগে অমিতাভ বচ্চনও কিছু কৃষি জমি কেনেন। তারও দাবি তিনি কৃষক। পুনে জেলা কর্তৃপক্ষ তার বিষয়টিও খতিয়ে দেখছে।
এর আগে উত্তর প্রদেশের আদালত অমিতাভের কৃষক হওয়ার দাবিকে অগ্রাগ্য করে বারাবাঙ্কিতে তার জমির অ্যালটমেন্ট বাতিল করে সরকার। এই আদেশকে চ্যালেঞ্জ করে অমিতাভ এলাহাবাদের উচ্চ আদালতে আপিল করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৮৩১ ঘ
bdnews24