২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসৌটিতে আর ফিরবেন না অনুরাগ

‘কিউ কি সাস ভি কভি বহু থি’র তুলসী চরিত্রে রুপদানকারী স্মৃতি ইরানীর পর এবার বালাজী টেলিফিল্মের আরেক সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’ থেকে বিদায় নিচ্ছেন অনুরাগ বসু চরিত্রের অভিনেতা সেজান খান। সম্প্রতি ভারতের একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে সেজান খান নিজেই জানিয়েছে এ কথা। বলেছেন, “যতো যাই হোক, আমি আর কখনো কসৌটিতে ফিরছি না।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 10:55 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

কেন ছেড়ে যাচ্ছেন স্টার প্লাসের এই অন্যতম হিট সিরিয়াল, জানতে চাইলে সেজান খান ছবির কাহিনীর ধারা যেভাবে এগুচ্ছে তা নিয়ে তার অসন্তোষের কথা জানান। সিরিয়ালে প্রথম প্রজন্মকে লাফিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোর বিরোধী ছিলেন তিনি। খান বলেন, “ আমার বয়সের অভিনেতাকে বাবার চরিত্রে আমাকে অভিনয় করতে বলা হলো। কিন্তু কোনভাবেই আমি তো দেখতে ৫০ বছরের একজন বাবার মতো নই।”

খান বলেন, এখনো তিনি কাজ করে যাচ্ছেন, কারণ এই শো তাকে অভাবিত জনপ্রিয়তা দিয়েছে। তবে দ্বিতীয়বার লাফ দিয়ে ২০ বছর ব্যবধানে সিরিয়ালের যে কাহিনী শুরু হয়েছে সেটা তার পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে দাড়িয়েছে। সে কারণেই এপ্রিল মাসেই তিনি বালাজী টেলিফিল্ম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিরিয়ালে নবাগতা শ্বেতা তেওয়ারীর সাথে গোলযোগের কারণেই সরে যাচ্ছেন খান, এরকম গুজবও রয়েছে। তবে সেজান নিজে এটা অস্বীকার করেছেন।

এরপর কী করবেন তা এখনো ঠিক করেন নি সেজান। “আমার হাতে বেশ কিছু অফার আছে। তবে কোনটাতেই খুব বেশি আগ্রহ বোধ করছি না।”

আপাতত কিছুদিন বিশ্রাম নেয়াই সাব্যস্ত করেছেন মিনি পর্দার এই হিট নায়ক। এর মধ্যে করাচী বেরিয়ে এসেছেন। সেখানে কাজিনদের সাথে বেশ হৈ হল্লা হলো।

এই সুযোগে এক পাকিস্তানি শোতেও অংশ নিয়েছেন অনুরাগ। ‘সিলসিলে চাহাত কে’ নামেরও ওই সিরিয়ালে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন। দুবাইয়েও ঘুরে এসেছেন এর শুটিংয়ের কাজে। মাসখানেকের মধ্যে এর প্রচার শুরু হবে। এর কাহিনীটা এখনই ফাঁস করতে চান না খান। তবে এটা যে একটা দারুন শো হবে সে ব্যপারে তিনি নিশ্চিত।