রিয়ালিটি স্টারদের কাছে মার খাচ্ছে তুলসী, পার্বতীরা
স্টার প্লাসের কে সিরিজের সিরিয়ালগুলিই এতোদিন ভারতের দর্শকদের কাছে ছিল প্রথম পছন্দ। কিন্তু ভারতীয় বিভিন্ন চ্যানেলের রিয়ালিটি শোর কাছে এখন মার খেতে বসেছে এই সিরিয়ালগুলি। হিন্দি ফিল্মের গান নিয়ে অন্তাক্ষরি টাইপের অনুষ্ঠান শুরুর পর এই রিয়ালিটি শোতে অনেক অভিনব মাত্রা যুক্ত হয়েছে, বেড়েছে এর দর্শক।
বিজ্ঞাপনদাতারা এবং এসব অনুষ্ঠানের প্রযোজকরা তাদের টেলিভিশন রেটিং বা টিআরপি সূচক দেখে খুশি। এই মতামত তুলে ধরেছে মুম্বাই ভিত্তিক একটি ওয়েবসাইট।
ঘরে ঘরে জনপ্রিয় বহুরা যথা তুলসী, পার্বতী, কাশিস, প্রেরণার মুখে আর হাসি নাই। হাসি বরং শোভা পাচ্ছে মোনা, টিনা, সঞ্চিতা আর রুপরেখার মুখে। আর হবে নাই বা কেন? ভারতীয় কেবল টেলিভিশনের দর্শকদের প্রথম পছন্দ এখন এরাই। এক স্কুল শিক্ষক ইন্দিরা সাক্সেনা বললেন, “ রিয়ালিটি শোতে বাস্তব জিনিস দেখা যায়। প্রতি সপ্তাহে নতুন নতুন প্রতিভাবান ছেলে মেয়ে আসছে, এটা দেখতে বেশ আনন্দই লাগে। আর ওই সাস বহু সিরিয়ালগুলোর কাহিনী সব চ্যানেলে একইরকম গৎবাধা। আমার ওই জিনিস দেখতে ভালো লাগে না, যা দেখে আমি বলে দিতে পারি এর পরে কি হতে চলেছে।”
কে সিরিয়ালের সাম্প্রতিক টিআরপি রেট মোটেই আশাব্যঞ্জক নয়। কিঁউ কি সাস ভি কভি বহু থি, কসৌটি জিন্দেগী কি, কাহানি ঘর ঘর কি সিরিয়ালগুলির যাত্রা শুরু হয় ২০০০ সালে। এখনো পর্যন্ত এগুলি জনপ্রিয় বটে, তবে সাম্প্রতিককালে এর জনপ্রিয়তায় আগের তুলনায় ভাটা পরেছে।
স্টার প্লাসের এই সিরিয়ালগুলির টেলিভিশন রেটিং এ দেখা যাচ্ছে কিঁউকি এর জনপ্রিয়তা শতকরা ১৫ দশমিক ১৫ ভাগ থেকে কমে হয়েছে ১১ দশমিক ২৩ ভাগ। কাহানি ঘর ঘর কির জনপ্রিয়তা ১৩ দশমিক ৭২ ভাগ থেকে কমে হয়েছে ৯ দশমিক ৫৫ ভাগ। এটা গত দু বছরের হিসাব।
অন্যদিকে কৌন বনেগা ক্রোড়পতি খুবই জনপ্রিয়, সন্দেহ নেই। কেবিসির তৃতীয় পর্বের যাত্রা শুরুর সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে। তখন প্রাইম টাইম স্লটেই দেখানো হবে এই অনুষ্ঠান। এর ফলে অনেক সোপ অপেরা ক্ষতিগ্রস্ত হলেও চ্যানেল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল। কারণ, তাদের হিসেবে রিয়ালিটি শো এখন হট কেক। এ ধরণের শো দিয়েই তাদের আয় এখন বেশি হচ্ছে। বড় বড় ব্রান্ডগুলো এ ধরনের রিয়ালিটি শোতে স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করছে। ফলে চ্যানেলের রাজস্বও বাড়ছে এ খাতে। রিয়ালিটি শো’র এই রমরমা দেখে ভারতের জাতীয় চ্যানেল দূরদর্শনও ‘রিন সবসে স্মার্ট শ্রীমতি’ নামে একটি রিয়ালিটি শো চালু করেছে।
একতা কাপুর স্টারপ্লাসে যে বউদের তৈরি করেছেন, বছরের পর বছর ধরে তারাই রাজত্ব করে এসেছে দর্শকদের উপর। কিন্তু, যেমনটা বলেছেন ভারতের এক সরকারি কর্মকর্তা কমল আত্রী, “প্রতিদিন সেই একই সাস বহুর কাহিনী দেখতে আর কতো ভালো লাগে। এর চেয়ে রিয়ালিটি শো অনেক মজার। এখানে অনেক নতুনত্ব আছে, একটা উত্তেজনা আছে।”
নতুনত্বের সন্ধান মানুষের স্বাভাবিক প্রবণতা। আর অন্যের জীবন সম্পর্কেও মানুষের অপার আগ্রহ। এই বিষয়গুলিকেই কাজে লাগাচ্ছে রিয়ালিটি শোয়ের প্রযোজকরা।
এখন চ্যানেল খুললেই কেবল রিয়ালিটি শো এর ছড়াছড়ি। একেকটার একেক স্টাইল। এই রিয়ালিটি শো’র শুরু সা রে গা মা পা, ইন্ডিয়ান আইডল, ফেম গুরুকুল ইত্যাদি অনুষ্ঠান দিয়ে। এরপরে এলো নাচ বোলিয়ে, ঝলক দিখলাজা আর এখন চলছে বিগ বস শো। শিল্পা শেঠীর সেলিব্্িরটি বিগ ব্রাদারে অংশ নেয়ার পর এ ধরনের শো’র দর্শক আরো বেড়েছে। এগুলো ছাড়াও আছে কেবিসি, সওয়াল দশ ক্রোড় কা, ডিল ইয়া নো ডিল ইত্যাদি। পুরো ভারত এখন হুমরি খেয়ে দেখে এসব অনুষ্ঠান।
সর্বোচ্চ টিআরপি অর্জন করেছে যেসব অনুষ্ঠান তার মধ্যে আছে স্টার প্লাসের কেবিসি, সনি টিভির বিগ বস, স্যাব টিভির ফেম এক্স, জি টিভির সিনেস্টারস কি খোঁজ ও সা রে গা মা পা, স্টার ওয়ানের নাচ বোলিয়ে এবং দি গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ।
এইসব রিয়ালিটি বা ইন্টারঅ্যাকটিভ শোগুলির মধ্যে অনিশ্চয়তা, উৎকণ্ঠা, বিষ্ময়, মেলোড্রামা, মজা ইত্যাদি সব উপাদানই আছে।
মিনি পর্দা যে আর মিনি নেই সেটা কেবল প্লাজমা টিভি দেখে নয়, বোঝা যায় এসব রিয়ালিটি শোয়ের হাত ধরে ছোট বাক্সে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সরোজ খান, শিল্পা শেঠী, হিমেশ রেশমাইয়ার মতো বড় তারকাদের ঢুকে পড়তে দেখে।
কে সিরিয়ালে কাহিনীর পুনরাবৃত্তি নিয়ে এমনকি ক্ষুদ্ধও অনেক দর্শক। দিল্লীর এক গৃহিনী মনি সরকার বলেন, “আমরা ইডিয়ট নই। একতা কাপুর একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে। কেবল চরিত্রগুলি আলাদা। তা না হলে তুলসীর জীবনে যা ঘটেছে একই ঘটনা দেখা যাচ্ছে পার্বতীর ক্ষেত্রেও। এরকম কাহিনী কেন দেখবো সময় নষ্ট করে।”
দর্শকদের বক্তব্য আর টিআরপি রেটিংয়ের কথা বিবেচনা করার সময় এসেছে একতা কাপুরের। নইলে অচিরেই কে সিরিয়ালগুলি মুখ থুবড়ে পড়বে তাতে কোন সন্দেহ নেই।
