ভারতবাসীর কাছে ক্ষমা চাইলেন গিয়ার
গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে দারুন মর্মাহত হয়েছেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার। প্রকাশ্যে শিল্পা শেঠীর গন্ডদেশের চুম্বন করার অপরাধে জয়পুরের এক আদালত তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়। এর প্রতিক্রিয়ায় ভারতীয়দের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ক্ষমা প্রার্থনা করে তার অবস্থান পরিষ্কার করেছেন গিয়ার। একাধিক বার্তা সংস্থা সূত্রে জানা গেছে এ খবর।
গিয়ার লিখেছেন, “সত্যি বলছি, চুমু নিয়ে গনমাধ্যমে যে ঝড় উঠেছে তা দেখে আমি থ। ওই এইচআইভি এইডস এর অনুষ্ঠানের মতো সফল একটা অনুষ্ঠান কিনা বিষাদময় ঘটনায় রুপান্তরিত হলো! বেমানানভাবে ‘শ্যাল উই ড্যান্স’ এর অনুকরনে অভিনয়ের অংশটুকুকে ভারতীয় সংস্কৃতির উপর আঘাত বলে ভুল বোঝা হয়েছে।”
গিয়ার বলেন, ভারতীয়দের অনুভুতিকে আহত করার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না।
“আমার ভারতীয় বন্ধুদের এটা পরিস্কার করে বোঝানো আমার জন্য খুবই জরুরী যে, তাদের অনুভুতিকে আহত করার কোন ইচ্ছে আমার ছিল না। ওরকম কিছু হলে আমি অবশ্যই আন্তরিকভাবে ক্ষমা চাইতাম।”
চিঠিতে শিল্পার ভূয়সী প্রসংশা করেছেন গিয়ার।
“শিল্পা খুবই সাহসী এবং চমৎকার এক মহিলা। এইচআইভি-এইডসের বিরুদ্ধে বলিউডের এই তারকা একক নেতৃত্বে যে কাজ করে চলেছেন সে জন্য ব্যপক সমর্থন ও প্রশংসা তার প্রাপ্য। আমি আপনাদের নিশ্চিত করছি, তার প্রতি আমার সব্বোচ্চ শ্রদ্ধা রয়েছে এবং উনি এটা জানেন। যে অন্যায় তিনি করেন নি তার জন্য তাকে যে ঝামেলা পোহাতে হচ্ছে তার জন্য আমি গভীরভাবে মর্মাহত। এই দায় আমার, আর কারো নয়।”
চিঠির শেষে গিয়ার লিখেছেন, “পরিশেষে, আমি আশা করবো মিডিয়া এই ঘটনা নিয়ে তাদের সার্কাস এখানেই বন্ধ করবে। এবং তাদের সম্পদ ও বিশেষজ্ঞদের দিয়ে কীভাবে এইচআইভি/এইডস ও অন্যান্য প্রতিরোগযোগ্য রোগগুলি কীভাবে নির্মুল করা যায় সে ব্যাপারে আত্মনিয়োগ করবে। ভারতে এটাই এখন বেশি জরুরী। আপনাদের প্রতি আমার দোয়া রইল।”
হিরো’স প্রজেক্ট নামে গিয়ারের একটি সংস্থার মাধ্যমে এই চিঠি পাঠান গিয়ার। গিয়ার প্রতিষ্ঠিত সংস্থাটি ভারতে এইডস নির্মুলে কাজ করে থাকে।
