ভারতীয় সাংবাদিকদের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন অমিতাভ
রবিবার ভারতীয় সাংবাদিকদের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন অমিতাভ বচ্চন। শনিবার কিছু আলোকচিত্রশিল্পী নববিবাহিত দম্পতি অ্যাশ-অভিষেকের ছবি তোলার চেষ্টা করলে পুলিশের হাতে প্রহৃত হন। এই ঘটনার প্রেক্ষিতেই ক্ষমা প্রার্থনা করেন অমিতাভ।
শনিবার এক ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য নববিবাহিত দম্পতি গাড়িতে করে বাসা থেকে বের হলে আলোকচিত্রীরা ছবি তোলার জন্য এগিয়ে যান। তখন ভিড় ঠেকাতে ও রাস্তা পরিষ্কার করার জন্য পুলিশ তাদের এলোপাতাড়ি লাথি ও ঘুষি মারে। এতে অনেক সাংবাদিক আহত হন। একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় অমিতাভ বলেন, “ আমি খুবই দুঃখিত। আমাদের নিরাপত্তা ব্যবস্থার কারণে গনমাধ্যম কর্মীরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাদের কাছে আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি।”
মুম্বাইয়ে তার বাসার বাইরে এসে এই কথা বলার সময় অমিতাভ আরো জানান, যে সব নিরাপত্তা কর্র্মী ওই ঘটনা ঘটায় তারা বিয়ের জন্য অমিতাভের নিয়োগ করা কেউ নন। বিয়েতে আসা একজন রাজনীতিবিদের নিরাপত্তা কর্মী ছিল তারা।
ভক্ত ও সাংবাদিকদের তুমুল আগ্রহ থাকা সত্বেও বলিউডের সবেচেয়ে আকর্ষনীয় বিয়েটা গনমাধ্যমের বিস্তারিত প্রচারণা ছাড়াই সম্পন্ন হয়। বিবাহ অনুষ্ঠানে কোন সংবাদমাধ্যম কর্মীকে আমন্ত্রণ জানায়নি বচ্চন পরিবার। তৎসত্বেও শত শত ভক্তের সঙ্গে অনেক সাংবাদিক ও আলোকচিত্র সাংবাদিক বচ্চনের বাসার সামনে ভিড় জমিয়েছিলেন।
