২০ তারিখেই কেন বিয়ে করছেন অ্যাশ অভিষেক
প্রিয়ার কর্ণে তৃতীয়া তিথির চাঁদকে দুল করে পরিয়ে দিতে চেয়েছিলেন প্রেমের কবি নজরুল। বঙ্গললনা জয়া ভাদুরি যদিও তার মা, তবু ধারণা করা যায় নজরুলের ‘মোর প্রিয়া হবে এসো রাণী’ গানটি অভিষেক কিংবা বচ্চন পরিবারের কেউ জানে না। অন্তত বিয়ের দিনক্ষন ঠিক করার সময় গানটির কোন প্রভাব ছিল বলে মনে হয় না। তবে বিয়ের মালা বদলের জন্য অক্ষয়া তৃতীয়াকেই বেছে নিয়েছেন তারা। ভারতবর্ষীয় দিনপঞ্জিকা অনুসারে ২০ এপ্রিলই অক্ষয়া তৃতীয়া।
ভারতীয় পঞ্জিকা অনুসারে বিয়ের সবচেয়ে শুভদিন হিসেবে যে ৪টি দিনকে বিবেচনা করা হয় তার একটি অক্ষয়া তৃতীয়া। জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী এই দিনেই সূর্য ও চন্দ্র সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে।
ভারতের বিশিষ্ট জ্যোতিষী অ্যাস্ট্রোলাইফডটকমের ব্যবসা শাখার প্রধান রাজ রাও বিষয়টি ব্যাখা করে বলেন, “অক্ষয়া মানে যার ক্ষয় বা বিনাশ নাই, আর তৃতীয়া মানে চাঁদের তৃতীয় দিন। এই দিনকে শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। দিনটি অনিঃশেষ উন্নতির সূচক। বিশেষ করে এই দিনে বিবাহ হলে সে সম্পর্ক অক্ষয় হয়।”
বলা হয়ে থাকে, এই দিনে ঋষি বেদব্যাস দেবতা গনেশকে নিয়ে মহাভারত রচনা শুরু করেন। দিনটি বিষ্ণু অবতার পরশুরামেরও জন্মদিন বটে। জৈন ধর্মাবলম্বীদের কাছেও দিনটি পবিত্র।
বিয়ের জন্য দিনটি এতো পয়া দেখেই ভারত জুড়ে এই দিনে হাজার হাজার বিয়ের অনুষ্ঠান হয়। গত বছর দিল্লীতে অক্ষয়া তৃতীয়ার দিনে ৩০ হাজার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি সেন্টারে বুকিং না পাওয়ায় অনেকে এই দিনে দল বেধে বিয়েও করেছেন। তবু দিনটা মিস হতে দেন নি।
২০০৪ সালের এই দিনে বিয়ে করেছিলেন ভারতের খ্যাতিমান ক্রিকেট তারকা বীরেন্দ্র শেবাগ। ওই দিনে দিল্লীতে আরো ১৭ হাজার বিয়ে অনুষ্ঠিত হয়।
এমনকি বলিউডের তারকারাও তাদের বিয়ের দিন হিসেবে বেছে নেন অক্ষয়া তৃতীয়াকে। কোন সম্পর্কের সূচনার জন্য এ দিনের কোন তুলনা হয় না। বিভিন্ন দিনের বিভিন্ন সময় শুভ লগ্ন হিসেবে গন্য করা হয়। কিন্তু অক্ষয়া তৃতীয়ার ২৪ ঘন্টাই শুভ বলে মনে করেন জ্যোতিষীরা।
জ্যোতিষী রাজ বলেন, “ সাধারণত বিয়ের শুভ লগ্ন সর্ব্বোচ্চ ৪০ মিনিট স্থায়ী হয়। এবং অধিকাংশ ক্ষেত্রেই লগ্নটা হয় মাঝরাতের দিকে। এতো অল্প সময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন করা ঝক্কির ব্যাপার। বিশেষ করে আজকের দিনের জাঁকজমকপূর্ন বিয়ের অনুষ্ঠান এতো স্বল্প সময়ে সম্পন্ন করা যায় না। কিন্তু অক্ষয়া তৃতীয়ায় বিয়ে হলে দিনের যে কোন সময়ই লগ্ন হিসেবে বেছে নেওয়া যায়।”
দিনটি বিত্তেরও সূচক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালক অজয় মিত্র জানান, “ ২০০৬ সালের অক্ষয়া তৃতীয়াতে দেশ জুড়ে ৩০-৩৫ টন স্বর্ন বিক্রি হয়েছিল।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার নীলেশ বোরগারকার বিয়ে করেন গত বছরের ২০ এপ্রিল। তিনি বলেন, “ অক্ষয়া তৃতীয়াতেই আমাদের গৃহপবেশ হয়েছিল। পরের বছর অক্ষয়া তৃতীয়াতেই বাড়িতে নতুন গাড়ি নিয়ে আসি”।
সূত্র : ওয়েবসাইট।
