মামলা নিয়ে আসিফ ও মনির খানের সংবাদ সম্মেলন
বিনা অনুমতিতে গানের অ্যালবাম প্রকাশ করায় ১১ এপ্রিল ‘সুরঞ্জলি’ অডিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন গায়ক মনির খান ও আসিফ আকবর। এই বিষয়ে ১২ তারিখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ একটি প্রতিবেদনও দেয়া হয়। পরদিন ১২ এপ্রিল একটি সংবাদ সম্মেলন করার কথা থাকলেও সেটি তারা করতে পারেননি। সেই মামলার বিষয়ে ১৭ এপ্রিল একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
বেইলি রোডের অডিও রেকর্ডিং স্টুডিও ‘ডিজিটোন’এ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দুই গায়ক ছাড়াও আরো ছিলেন এন্ড্রু কিশোর, শুভ্র দেব, পলাশ, এস ডি রুবেল ও রবি চৌধুরী।
সম্মেলনে মনির খান বলেন, “কোন প্রকার অনুমতি না নিয়ে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সুরাঞ্জলি’ আমার ও আসিফের একটি যৌথ অ্যালবাম প্রকাশ করেছে কিছুদিন আগে। অ্যালবামের নাম ‘নেই তুমি কাছে’। তবে মজার ব্যাপার হচ্ছে এই অ্যালবামের সবগুলো গানই আগে প্রকাশিত হয়েছে। তাছাড়া আমাদের সঙ্গে এই প্রতিষ্ঠানের কোন চুক্তিও হয়্িন। ‘নেই তুমি কাছে’ অ্যালবামে যে গানগুলি আছে তা অনেক আগে আরেকটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘মিউজিক জোন’ থেকে প্রকাশিত তিনটি অ্যালবামের গানের সংকলন। অ্যালবাম তিনটি হচ্ছে-আসিফ, মনির খান ও এস ডি রুবেলের ‘একা তুমি জানলে না’; আসিফ, পলাশ, বিপ্লব, ঈশিতা, বেবী নাজনীন, আলম আরা মিনু ও কনক চাঁপার মিশ্র অ্যালবাম ‘বন্ধু মায়া নাই’ এবং আসিফ, চন্দন সিনহা, ইথুন বাবু, আতিক বাবু ও আলাল ওয়ারিদের মিশ্র অ্যালবাম ‘প্রিয়া কাছে নেই’। বাজারে আজ পর্যন্ত আমার ও আসিফের কোন যৌথ অ্যালবাম বের হয়নি। ফলে ‘সুরাঞ্জলি’ থেকে প্রকাশিত অ্যালবামটি শ্রোতারা হাতে পেয়ে মনে করেছে এটি একটি নতুন অ্যালবাম। পরে যখন তারা শুনতে গিয়ে বুঝেছে গানগুলো পুরনো তখন আমাদেরকে অনেকেই ফোন করে জিজ্ঞেস করেছে, ‘ভাই, আপনাদের কী ভাতের বড় অভাব যে পুরনো গান নতুন অ্যালবামে দিছেন।’ আমরা মনে করি এই অ্যালবাম প্রকাশের ফলে ‘সুরাঞ্জলি’ আর্থিক ক্ষতির পাশাপাশি আমাদের সম্মানহানি করেছে। তাই ১১ এপ্রিল আমরা কোতয়ালি থানায় ‘সুরাঞ্জলি’র বিরূদ্ধে ২০ লাখ টাকার একটি ক্ষতিপূরণ মামলা দায়ের করি। মামলা নম্বর ২৪, তাং ১১/০৪/’০৭ ইং, ধারা ৪৮২/৪৮৩/৪৮৯/৪২০/৪২৭। কয়েকদিন পর তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে আরেকটি মামলা দায়ের করি। যেটার শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬ এপ্রিল।”
মনির খান আরো জানান, তার ব্যাক্তিগত প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিউটি কর্ণার’ থেকে আসিফ ও মনির খানের একটি যৌথ অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা ছিলো। তবে ‘সুরাঞ্জলি’ বিনা অনুমতিতে তাদের যৌথ অ্যালবাম প্রকাশ করায় এখন তারা সে কাজ থেকেও পিছিয়ে যেতে পারেন।
‘সুরাঞ্জলি’ কি ‘মিউজিক জোন’ থেকে গানগুলি বিনা অনুমতিতে না অনুমতি নিয়ে প্রকাশ করেছে? এই প্রশ্নের জবাবে আসিফ বলেন “যতদূর জানি ‘মিউজিক জোন’ তাদের ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তাই তাদের গানগুলো অন্যান্য প্রতিষ্ঠানের কছে বিক্রি করে দিচ্ছে।”
এই জবাবের প্রেক্ষাপটে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে-তবে তারা কেন ‘মিউজিক জোনে’র বিরূদ্ধে মামলা না করে ‘সুরাঞ্জলি’র বিরূদ্ধে মামলা করলেন? কারণ এক্ষেত্রেতো ‘মিউজিক জোন’ই গানগুলি শিল্পীর অনুমতি ছাড়া অন্য প্রতিষ্ঠানে কাছে বিক্রি করে দিয়েছে। এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আসিফ বলেন, “আমরা যখন কোন প্রতিষ্ঠানের হয়ে গান করি, তখন সেই গানের স্বত্ব সম্পূর্ণটাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হয়ে যায়। বাংলাদেশের অডিও ব্যবসায় এই ধারাই অব্যাহত আছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি তার শিল্পীর গান অন্য যেকোন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার অধিকার রাখে। তবে তখন তৃতীয় পক্ষ অর্থাৎ শিল্পীদেরকে জানিয়ে দেওয়ার নিয়ম যে তারা গানগুলি কিনে নিয়েছে বা বিক্রি করে দিয়েছে। এখন ‘মিউজিক জোনে’র বিরূদ্ধে আমারা মামলা করিনি কারণ আমরা সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছি ‘সুরাঞ্জলি’র মাধ্যমে। তাই তাদের বিরূদ্ধেই আমরা মামলা করেছি। তবে এখন ‘মিউজিক জোন’ও আমাদের সঙ্গে একটি সমঝোতায় আসতে চাচ্ছে। দেখা যাক তারা কী রকম প্রস্তাব দেয়।”
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ১১ এপ্রিল কোতয়ালি থানায় মামলা করার পর, পুলিশ ‘সুরাঞ্জলি’ প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে তারা উল্লেখিত অ্যালবামটি ছাড়াও মনির খানের ‘ভালবেসে মরে যাব’ ও ‘বিয়ের ফুল’ নামে আরো দুটি একক অ্যালবাম উদ্ধার করে। এই দুটি অ্যালবামও শিল্পীকে না জানিয়ে বাজারে প্রকাশ করার পায়তারা করছিলো ‘সুরাঞ্জলি’। অভিযানে প্রতিষ্ঠানে মালিক কাইয়ুম খানকে না পেয়ে পুলিশ দু’জন কর্মচারিকে গ্রেফতার করে। এরপর থেকে এখন পর্যন্ত কাইয়ুম খান পলাতক রয়েছে।
