আরটিভির ভিডিওচিত্রে দুর্ঘটনার ছবি
ফেব্রুয়ারি মাসে অগ্নিকান্ডের পর বন্ধ হয়ে যাওয়া দুটি টিভি চ্যানেলের মধ্যে এনটিভি তাদের কার্যক্রম শুরু করলেও আরটিভি’র কোন কার্যক্রম চোখে পড়েনি।
ফলে অনেকেই মনে করেছে চ্যানেলটি হয়তো আর পাখা মেলবে না। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আরটিভি আবার যাত্রা শুরু করছে এই পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল থেকে। নতুনভাবে যাত্রা শুরু উপলক্ষে আরটিভি একটি ভিডিও চিত্র তৈরী করেছে যেখানে অগ্নিকান্ডের ঘটনাসহ প্রতিষ্ঠানটির অনেক বিষয় উঠে এসেছে।
ভিডিও চিত্রে যে গানটি ব্যাবহার করা হয়েছে সেটির সুর ও সঙ্গীত করেছেন এস আই টুটুল। কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও ফাহমিদা নবী। আর গানটি লিখেছেন আরটিভি রিপোর্টার পলাশ মাহবুব।
প্রতিষ্ঠানটিন চিফ নিউজ এডিটর ইশতিয়াক রেজা জানান, “আমরা একটু প্রস্তুত হয়েই দর্শকদের সামনে আসতে চেয়েছি। সেই জন্যই একটু দেরি হলো। এখন আমার মোটামুটি প্রস্তুত। তেজগাঁওতে নতুন অস্থায়ী কেন্দ্র ও কারওয়ানবাজারে পুরনো কেন্দ্র দুই জায়গাতেই কার্যক্রম শুরু করছি। পুরনোটা থেকে মূলত সম্প্রচার কাজ চালানো হবে। আর নতুনটাতে হবে প্রশাসনিক কাজ। তবে পুরনো জায়গাটা নতুন করে গোছগাছ হয়ে গেলেই আমরা অস্থায়ী কেন্দ্রটি ছেড়ে দেব।”
দূর্ঘটনার পর আর টিভির নবযাত্রায় নতুন কোন অনুষ্ঠান আনছে কিনা জানতে চাইলে ইশতিয়াক রেজা জানান, “আপাতত নতুন কোন অনুষ্ঠান হচ্ছে না।”
ইশতিয়াক রেজা আরো জানান, আপাতত সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ছয় ঘন্টার অনুষ্ঠান নিয়ে আর টিভি নতুন করে যাত্রা শুরু করছে। তবে এতে খবর থাকছে না।
