২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়ার জন্য শাড়ি বানাচ্ছেন পাটনার এক কিশোরী

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি কে ডিজাইন করবেন তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই জয়তী কুমারীর। তার এই প্রিয় তারকার বিয়ের পোশাক কে বানাবেন সেটা নিয়ে যে ইতিমধ্যে হবু শ্বাশুড়ির সাথে তার খুটখাট লেগে গেছে সে খবরও তিনি জানেন কিনা সন্দেহ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 04:46 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

জানলেও কিছু আসতো যেতো না। বিহারের রাজধানী পাটনা থেকে ২৫০ কিলোমিটার দুরের গোপালগঞ্জ জেলার সিপায়া তোলার এই সপ্তদশবর্ষীয়া কিশোরী এখন একমনে নিবিড় অধ্যাবসায়ের সঙ্গে এক নকশা ফুটিয়ে তুলছেন শাড়ির আঁচলে। তার ইচ্ছে বিয়ের দিনে ঐশ্বরিয়া এ শাড়িটা পরবেন।

২০ এপ্রিল মুম্বাইয়ে অভিষেক বচ্চনের সাথে ঐশ্বরিয়া রায়ের বিয়ে। ওইদিনের আগেই কঠোর পরিশ্রম করে শাড়িটা তৈরি করে অ্যাশকে উপহার দিতে পারবেন বলে জয়তী আশা করছেন।

জয়তীর এক ঘনিষ্ট আত্মীয় বলেন, “মাসখানেক ধরে মেয়েটা দিন রাত খেটে যাচ্ছে। বিয়ের দিনে ঐশ্বরিয়া পরবে বলে খুব মনোযোগের সঙ্গে নিখুঁতভাবে সূচীকর্ম করছে সে শাড়িতে।” উজ্জল লাল রঙের শাড়িতে জয়তী এই সূচীকর্ম করে যাচ্ছে। এর বাজার মূল্য কমপক্ষে সাড়ে ৭ হাজার রুপী হতে পারে বলে অনেকে ধারনা করছেন।

ডিজাইনার নীতা লুলা ঐশ্বরিয়ার বিয়ের দিনের পোশাক করবেন বলে যে খবর বেরিয়েছে সেটা আমলেই নিচ্ছেন না জয়তী। বেশ আস্থার সঙ্গেই বলেছেন, “সামনের সপ্তাহে আমি মুম্বাই যাবো। নিজের হাতে ঐশ্বরিয়ার হাতে এই উপহার তুলে দিয়ে আসবো।” তবে কোথায় তাদের সাক্ষাৎ হবে সেটা নিশ্চিত করে বলতে পারেন নি জয়তী। শুধু বলেছেন, “আমি সাধ্যমতো চেষ্টা করবো শাড়িটা তার হাতে তুলে দিতে।”

১৯৯৪ সালে ঐশ্বরিয়া যখন মিস ওয়ার্ল্ড খেতাবে ভুষিত হন তখন জয়তী দশম শ্রেণীর ছাত্রী। “ তখন থেকেই আমি তার ডাইহার্ড ফ্যান। তার বিয়ের খবর শুনে আমি খুশি। সেটা এভাবেই তাকে জানাতে চাই।”

মহেন্দ্র দাস কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী জয়তী স্থানীয়ভাবে মহিলাদের পোশাক তৈরির ক্ষেত্রে সুপরিচিত। বিশেষ করে তার সূচীকর্ম করা শাড়ি ও সেলোয়ার কামিজ খুবই জনপ্রিয় এলাকায়। এ ব্যাপারে বছরখানেক আগে এক প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষনও নিয়েছে সে।

হাতে সময় থাকলে জয়তী গরীব পরিবারের মেয়েদের সূচীকর্মের প্রশিক্ষন দেয়। “অন্যকে সাহায্য করে যাবো এ স্বপ্ন আমার ছোটবেলা থেকেই।”

তবে তার এই মুহুর্তের ধ্যান জ্ঞান স্বপ্ন বিশেষ একজনের জন্য বিশেষ একটি উপহার নিয়েই আবর্তিত হচ্ছে।