২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮৫ তে পা রাখলেন বিখ্যাত সরোদবাদক আলী আকবর খাঁ

দেশকালের গন্ডি পেরোনো সুরের ইন্দ্রজাল ছাড়াও নানাভাবেই বাংলাদেশের সাথে জড়িয়ে আছে ওস্তাদ আলী আকবর খাঁ’র নামটি। একে তো তার জন্ম এদেশে এবং ব্রাস্মনবাড়িয়ায় জন্ম নেয়া বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দীন খাঁ’র সন্তান ও শিষ্য তিনি। তদুপরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই গুনী গায়ক দাড়িয়েছিলেন আমাদের পাশে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 03:55 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বাংলাদেশের পক্ষে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামে যে কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানের অন্যতম বাদক ছিলেন ওস্তাদ আলী আকবর খাঁ। বীণার মতো একটি বাদ্যযন্ত্র সরোদ এই ওস্তাদের হাতে এসে তার পুর্নরুপের সন্ধান পেয়েছে। উত্তর ভারতের মাইহার ঘরানার এই বাদক ক্লাসিকাল বাদযন্ত্রটিকে বিশ্বব্যপী জনপ্রিয় করেছেন। সুরের সম্মোহনে অসংখ্য ভক্তকে মুগ্ধ করে বিশ্ববিখ্যাত এই সরোদ বাদক সম্প্রতি পা রাখলেন জীবনের ৮৫ বর্ষে।

জর্জ হ্যারিসনের আয়োজনে করা ওই কনসার্টের প্রসঙ্গ উঠলে আলী আকবর অবশ্য বলেন, “ওটা তো আসলে সঙ্গীত ছিল না, ওটাকে বরং বলা যায় যুদ্ধের সঙ্গীত।” কনসার্টে সরোদের কোমল বাদনের পাশাপাশি উচ্চকিত সুরে ও স্বরে অনেক রাক গায়কও অংশ নিয়েছিলেন। রক মিউজিকের তান্ডব এড়াতে তখন বাধ্য হয়ে আলী আকবর কানে টয়লেট পেপার গুজে দিয়েছিলেন। কনসার্টে আলী আকবর ছাড়াও অংশ নিয়েছিলেন এরিক ক্লাপটন, বব ডিলান, রিঙ্গো স্টার, রবি শঙ্কর এর মতো বিখ্যাত শিল্পীরা।

“ওই মিউজিক যদি আপনি এক সপ্তাহ শোনেন চিরদিনের জন্য আপনার কানের বারোটা বেজে যাবে।” হাসতে হাসতে বলেন তিনি।

শনিবার তার ৮৫ তম জন্মদিনের প্রাক্কালে রয়টার্সের সাংবাদিকের সাথে কয়েক ঘন্টাব্যাপী সাক্ষাৎকারে তার সমৃদ্ধ সঙ্গীত জীবনের নানা ঘটনা তুলে ধরেন।

১৯২২ সালে ১৪ এপ্রিল কুমিল্লার শিবপুরে আলী আকবর খাঁ’র জন্ম। বাবা ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও মা মদিনা বেগম। দুই বছর বয়সেই বাবার কাছে কন্ঠ ও যন্ত্রসঙ্গীতে তালিম নেয়া শুরু করেন। চাচা ফকির আফতাবউদ্দিনের কাছেও তালিম নিয়েছেন তিনি। বাবার কাছে বেশ কটি বাদ্যযন্ত্র শেখার পরে সরোদেই স্থিত হন আলী আকবর। কৈশোরেই জনসমক্ষে বাজাতে শুরু করেন তিনি। ২২ বছরে ভারতের যোধপুরের রাজদরবারের সঙ্গীতশিল্পী হিসেবে আসন পান তিনি। এরপর এই বাদ্যযন্ত্রটি নিয়ে ভারতও বিশ্বভ্রমন শুরু করেন তিনি। ১৯৫৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম যে ভারতীয় শিল্পীর শাস্ত্রীয় সঙ্গীত প্রচারিত হয় তিনি আলী আকবর খাঁ।

এর আগে ১৯৪০ সাল থেকেই সরোদের রেকর্ড বের করে আসছেন তিনি।

বিশ্ববিখ্যাত বেহালাবাদক ইয়েহুদি মেনুহিন তাকে বিশ্বের অন্যতম সেরা সঙ্গীতজ্ঞ বলে মন্তব্য করেছেন একাধিকবার। মেনুহিনের মতে আলী আকবর খাঁ হলেন এই সময়ের ‘দি গ্রেটেস্ট মিউজিশিয়ান ইন দি ওয়ার্ল্ড’।

অনেকের মতো, স্রেফ শোম্যানশিপের অভাবে রবিশঙ্করের তুলনায় ভারতীয় ও পশ্চিমা প্রচার মাধ্যমে তিনি ততটা গুরুত্ব পাননি।

রবি শঙ্কর ও আলী আকবর একাধিক দ্বৈত অ্যালবাম প্রকাশ করেছেন। কনসার্ট ফর বাংলাদেশেরও তারা একত্রে বাজিয়েছেন। কিন্তু খাঁ’র বোনের সাথে শঙ্করের বিবাহবিচ্ছেদ এবং আরো কিছু ঘটনার প্রেক্ষিতে তাদের মধ্যে দুরত্ব তৈরি হয়।

আলী আকবর মনে করেন, “শোম্যানশিপটা খুব গুরত্বপূর্ন কিছু নয়। গুরুত্বপূর্ন হলো সঙ্গীত। আমাদের কর্তব্য হলো মানুষের মনে ভালোলাগার অনুভূতি তৈরি করা। এটাই সবার জন্যই সেরা ঔষধ। এমনিক গাছপালা, পশু পাখির জন্যও এই সঙ্গীত একইভাবে কাজ করে।”

১৯৫৬ সালে আলী আকবর কোলকাতায় ‘আলী আকবর মিউজিক অফ ক্যালকাটা’ প্রতিষ্ঠা করেন। পরে এটি তিনি স্থানান্তরিত করেন স্যান ফ্রান্সিসকোতে। কয়েক দশক ধরে আলী আকবর খাঁ সেখানেই বসবাস করছেন। আমেরিকায় দুটি মিউজিক কলেজ ছাড়াও ১৯৮৫ সালে সুইজারল্যান্ডের বাসেলেও তিনি একটি মিউজিক কলেজ চালু করেন।

স্যান ফ্রান্সিসকোর উত্তরের এক শহরে নিজের বাসায় বসে কথা বলছিলেন আলী আকবর খাঁ। কথা প্রসঙ্গে বলেন, “ভারতে সব বড় বড় সঙ্গীতজ্ঞরা আমাকে সেরা বলে জানে। কিন্তু আমি তো খ্যাতি চাই না। আমি যা চাই তা হলো কিছু ভাল ছাত্র খুঁজে বের করে, যারা সত্যিই সঙ্গীতটা শিখতে চায়, তাদেরকে আমার বিদ্যেটা দিয়ে যেতে চাই।”

সাম্প্রতিককালে আলী আকবর খাঁ’র শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। সপ্তাহে তিনদিন ৪ ঘন্টা করে তার কিডনি ডায়ালাইসিস করতে হয়। এরই মধ্যে তিনি চালিয়ে যাচ্ছেন ভোকাল ও ইনস্ট্রুমেন্টাল ক্লাসগুলো।

“পশ্চিমে ভারতীয় সঙ্গীতের বীজ বেশ ভালোভাবেই বপন করেছেন তিনি।” ডেইজি পারাডিস নামে খাঁ’র এক সেতার শিক্ষার্থী বলেছেন এ কথা। ১৯৬৬ সাল থেকে তিনি আলী আকবর খাঁ’র কাছে সেতার বাদন শিখছেন। পশ্চিমে ভারতীয় সঙ্গীতের আদবটাও ভালভাবেই চালু করেছেন তিনি। সেখানে তার পশ্চিমা শিক্ষার্থীরাও গুরু ঘরে ঢুকলে উঠে দাড়ায়, তাঁর পা ছুয়ে সালাম করে সঙ্গীতশিক্ষা শুরু করে।

খাঁ’র স্ত্রী মেরি’র হিসেব মতে খান তার জীবনব্যাপী প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে সঙ্গীতের তালিম দিয়েছেন। তার আকর্ষণে অনেক ভারতীয় সঙ্গীতজ্ঞও পাড়ি জমিয়েছেন পশ্চিমে। তার বাসার কয়েক ব্লক পরেই ডেরা বেঁধেছেন বিখ্যাত ভারতীয় তবলা বাদক জাকির হোসেন।

পশ্চিমের শিক্ষার্থীদের ব্যাপারে তার বিশেষ বিরুপ অভিজ্ঞতা নেই বলে জানান আলী আকবর। এখানে সবাই আনন্দের সঙ্গে শেখে বলে মন্তব্য করেন তিনি।

নিজের শিক্ষা প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে তার বাবা ও সঙ্গীতগুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁর কথা স্মরণ করেন তিনি। বলেন, “বাবা খুব কড়া ছিলেন। আমার সাথে কখনো খেলাধুলা করতেন না। তাকে কখনো হাসতে দেখিনি। এমনকি মৃদু হাসিও না। আমার কাছে ওনাকে মনে হতো একটা বাঘ। আমি তার ভালবাসার কাঙাল ছিলাম।”

“আসলে বাবা মনে করতেন কি, বেশি ভালবাসা দেখালে আমরা যদি বখে যাই। তখন খুব রাগ হতো। তবে এখন আমি তার কাছে কৃতজ্ঞ।”

বাবার শাসন এড়াতে দুবার ঘর ছেড়ে পালিয়েছিলেন আলী আকবর। একবার একদিনের জন্য, দ্বিতীয়বার ১৫ দিন পরে ঘরে ফিরেছেন। আলাউদ্দিন খাঁ কয়েক মাস তার সাথে কথা বলেননি সেবার।

সঙ্গীত জীবনে অনেক সম্মান ও পুরষ্কার পেয়েছেন আলী আকবর। একাধিক গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত এই শিল্পী ট্রাডিশনাল আর্টস এর ক্ষেত্রে আমেরিকার সব্বোচ্চ সম্মাননা ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ পেয়েছেন ১৯৯৭ সালে। ভারত সরকার তাকে পদ্ম বিভূষন উপাধি দিয়েছে। তবে সব কিছুর উপরে তিনি এখনো মুল্য দেন তারা বাবার দেয়া ‘সুর সম্রাট’ উপাধিকে।

বয়সের ভারে অনেকখানিই নুয়ে পরেছেন এই ওস্তাদ বাদক। শারীরিক ব্যাধিও পর্যুদস্ত করে তুলেছে বেশ। ফলে নিয়মিত আর রেওয়াজ করতে পারেন না।

১৯৮১ সালে মেরির সাথে খাঁ’র বিয়ে হয়। ম্যারি তার তৃতীয় স্ত্রী। এই সরোদগুরুর সন্তাসন্ততির সংখ্যা ১২। এদের একজন মারা গেছেন। ৬ জন শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করছেন।