২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক নকশাকার শাহরুখ শহীদ এখন পুরদস্তুর নাট্যকার

‘হেনরিজ হেরিটেজ’ দিয়ে শুরু। তারপর ‘শাহরুখস কালেকশনস’। তবে এখন পোশাক নকশা করার পাশাপাশি নাটক লেখালেখিতেও ব্যস্ত হয়ে পরেছেন ডিজাইনার শাহরুখ শহীদ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 04:41 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পহেলা বৈশাখ উপলক্ষে তার লেখা নাটক ‘এবং তাহারা’ প্রচারিত হবে এটিএন বাংলায়। পরিচালনা করেছেন এস এ হক অলিক।

শাহরুখের লেখা প্রথম নাটক প্রচারিত হয় ২০০৬ সালের রোজার ঈদে। নাটকটির নাম ছিলো ‘ধ্যাৎতারিকা’। পরিচালনা করেন গোলাম সরোয়ার দোদুল। গত রোজার ঈদে প্রচারিত হয় তার লেখা নাটক ‘তিন কন্যার কাব্য’। তিন খন্ডের এই নাটকে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল’ খন্ডে বিপাশা হায়াত, গোলাম সারোয়ার দোদুল পরিচালিত ‘কঙ্কাবতী’ খন্ডে শমী কায়সার ও তাহের শিপন পরিচালিত ‘রিমঝিম’ খন্ডে অপি করিম অভিনয় করেন। এছাড়া গত কোরবানীর ঈদে দীপঙ্কর শিপনের পরিচালনায় ‘জোৎস্নাধারা’ এবং চ্যানেল ওয়ানের প্রতিষ্ঠাবার্ষিকীতে নরেশ ভূঁইয়ার পরিচালনায় ‘এই প্রতীক্ষায়’ নাটকটি প্রচারিত হয়।

এটিএন-এ পহেলা বৈশাখ উপলক্ষে প্রচার হতে যাওয়া ‘এবং তাহারা’ নাটকটি শাহরুখের রচিত পঞ্চম নাটক। পোশাক নকশার পাশাপাশি নাটক লেখা কেন শুরু করলেন, এই প্রশ্নের জবাবে শাহরুখ জানান, “পোশাক যেমন আমার কাছে ক্যানভাস। তেমনি নাটকও আমার কাছে ক্যানভাস। পোশাকে নকশায় আমি সবসময়ই কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি। নাটকেও তাই। বলতে গেলে সমাজের কিছু চোখ এড়িয়ে যাওয়া বিষয় দর্শকদের সামনে তুলে ধরতে গিয়েই নাটক লেখা শুরু করি।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, তারিন, লিটু আনাম. শিল্পী সরকার অপু, আলিফ, মুগ্ধ।