জেমাইমার সাথে হিউ গ্রান্ট্রের সম্পর্ক শেষ
জেমাইমা গোল্ডস্মিথের কথা মনে আছে? পাকিস্তানী ক্রিকেটার ইমরান খানের সাথে বিবাহসুত্রে উপমহাদেশে ব্যপক পরিচিতি পেয়েছিলেন তিনি। সেই বিবাহ ভেঙে যাওয়ার পরও খবর হয়েছেন হলিউডের অভিনেতা হিউ গ্রান্টের সাথে সম্পর্ক তৈরি হওয়ার সুবাদে। সম্প্রতি সেই সম্পর্কেরও অবসান ঘটলো। শুক্রবার গ্রান্টের এক মুখপাত্র জানিয়েছেন এ কথা।
গ্রান্টের মুখপাত্র রবার্ট গার্লক বলেছেন, “পারষ্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই তারা এই সম্পর্ক চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।” এর আগে বিনোদন ম্যাগাজিন ‘পিপল’ এ যে খবর প্রকাশিত হয়েছে এ সম্পর্কে তার সত্যতাও স্বীকার করেন তিনি।
রোমান্টিক নায়ক গ্রান্ট সবচেয়ে বেশি পরিচিতি পান তার ‘ফোর ওয়েডিংস অ্যান্ড এ ফিউনারেল’ এর জন্য। গ্রান্টের বয়স ৪৬, জেমাইমার ৩৩। প্রায় তিন বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছিল।
গার্লক বলেন গত কয়েকদিনের মধ্যেই তাদের সম্পর্কের অবনতি ঘটে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।
বিখ্যাত ধনকুবের স্যার জেমস গোল্ডস্মিথের কন্যা জেমাইমা ইমরান খানের সাথে সম্পর্ক শেষ হওয়ার পরপরই গ্রান্টের সঙ্গে জড়িয়ে পরেন।
লন্ডন ও লস এঞ্জেলসে গ্রান্টের নতুন রোমান্টিক ছবি ‘মিউজিক এন্ড লিরিকস’ মুক্তি পাওয়ার কিছুদিন পরেই এই খবর চাউর হলো। ওই ছবিতে গ্রান্টের সাথে ছিলেন ড্রিউ বেরিমুর।
গ্রান্ট এখনো পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। ১৯৯৫ সালে হলিউডে এক পতিতার সাথে গ্রেফতার হওয়ার খবর প্রকাশিত হলে তার দীর্ঘদিনের বান্ধবী এলিজাবেথ হার্লির সাথে সম্পর্ক ছেদ ঘটে।
