টনি ব্লেয়ারের সঙ্গে মধ্যাহ্নভোজে তৃপ্ত শিল্পা
মধ্যাহ্নভোজে গেলেন অথচ খাবার নিয়ে একটা কথাও নেই। ক’টা পদ রান্না হয়েছিল, কী কী অনুপান দিয়ে কত কী পরিবেশন করা হলো সে সবের কোন বিবরণ নেই। তারপরও বোঝা যায় শিল্পা খুবই খুশি। কিছু কিছু ভোজে মেজবানের সঙ্গই অন্য সবকিছু ছাপিয়ে পরম স্বাদু হয়ে ওঠে। টনি ব্লেয়ারের সঙ্গও তেমনি উপভোগ করেছেন শিল্পা শেঠী।
আজ বৃটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এই পুর্বনির্ধারিত ভোজপর্ব শেষে শিল্পা সাংবাদিকদের জানিয়েছেন তিনি তৃপ্ত। টনি ব্লেয়ার তার সাথে কেমন ব্যবহার করলেন সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাংবাদিকদের বললেন, ‘ভেরি ভেরি সুইট’। বৃটিশ প্রধানমন্ত্রী পার্লামেন্টের একটা ছবিও উপহার দিয়েছেন শিল্পাকে যাতে টনি ব্লেয়ার ও তার স্ত্রী চেরী ব্লেয়ারের স্বাক্ষর ছিল।
টনি ব্লেয়ার তাকে কি বলেছেন জানতে চাইলে শিল্পা বলেন, “ যে মর্যাদাবোধের সঙ্গে আমি পুরো অনুষ্ঠানে (বিগ্র ব্রাদার হাউজ) নিজেকে উপস্থাপন করেছি তার প্রসংশা করে তিনি বললেন ওই অনুষ্ঠানে আমাকে যে তিক্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয়েছে তা তার খুব খারাপ লেগেছে।”
মধ্যাহ্নভোজের আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে ব্লেয়ারের কার্যক্রম পর্যবেক্ষন করেন শিল্পা। এক সাংসদের প্রশ্নের জবাবে আজ সংসদে সব ধরনের বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য রাখেন ব্লেয়ার।
পরে শিল্পা বৃটিশ সাংসদদের নমনীয় আচরণের প্রসংশা করে বলেন, “ ভেবেছিলাম সাংসদদের সাথে আলাপচারিতা, মধ্যাহ্নভোজ, একের পর এক ফটোসেশন এসব হয়তো বিরক্তিকর লাগবে, কিন্তু হয়েছে উল্টো, আমি খুবই উপভোগ করেছি সাংসদদের সঙ্গ।”
শিল্পার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্লেয়ারের এক মুখপাত্র বলেছেন, শিল্পার সাথে সাক্ষাতে তিনি খুবই আনন্দিত। বিগ ব্রাদার হাউজে তার বিজয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, “এটাই প্রমাণ করে বৃটেনে বর্ণবাদের কোন জায়গা নেই।”
