২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক নাটকে ৮ পরিচালক

এই প্রথম বারের মতো কোনো নাটকে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আটজন নাট্য-পরিচালক। 'ওরা সাতজন' শিরোনামের এই নাটকটি নির্মাণ করছেন দীপঙ্কর দীপন। নাটকটি রচনা করেছেন শিবব্রত বর্মন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ডিসেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এই প্রথম বারের মতো কোনো নাটকে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আটজন নাট্য-পরিচালক। 'ওরা সাতজন' শিরোনামের এই নাটকটি নির্মাণ করছেন দীপঙ্কর দীপন। নাটকটি রচনা করেছেন শিবব্রত বর্মন। অভিনয়ে নাম লেখানো এই আট নাট্য-পরিচালক হলেন অনিমেষ আইচ, আবদুল্লাহ রানা, গোলাম সোহরাব দোদুল, বদরুল আলম সৌদ, শিহাব শাহীন, মেজবাউর রহমান সুমন, সুমন আনোয়ার ও দীপঙ্কর দীপন নিজে। নাটকে একটি মাত্র নারী চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে একটি মেয়েকে কিডন্যাপ করার কাহিনী কেন্দ্র করে। সাতজন ছেলে যারা কাজ-কর্মহীন হয়ে বসে থাকে। একসময় তারা মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটক প্রসঙ্গে পরিচালক দীপঙ্কর দীপন বলেন, "শখের বসেই নাটকটি করছি। সব পরিচালক বন্ধুদের একসঙ্গে করাই এর মূল উদ্দেশ্য। একটি বেসরকারি টিভি চ্যানেলের বর্ষপূর্তি উপলক্ষে নাটকটি প্রচারের কথা রয়েছে।" নাটকে অভিনয় প্রসঙ্গে নাট্যনির্মাতা অনিমেষ আইচ বলেন, "আসলে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না নেওয়াই উত্তম। আমি অভিনয় পারি না। আমার কাছে মনে হয় অভিনয় অনেক শক্ত একটি কাজ। তারপরেও দীপনের নাটকে অভিনয় করছি। কারণ দীপন আমাদের বন্ধু মানুষ। দীপনের পরিকল্পনা সফল করার জন্যই নাটকে অভিনয় করছি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/২০৪০ ঘ