নভেম্বর ০১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকা আমির খানের ভাই ফয়সাল মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট কোর্টে একটি আবেদন পত্র দাখিল করেছেন বুধবার। এই আবেদনপত্রে তিনি তার সাক্ষ্য লিপিবদ্ধ করার অনুরোধ জানিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
আবেদনপত্রে ফয়সাল অভিযোগ করেন, তার ভাই আমির খান, তার মা জিনাত এবং বোন নিখাত তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। গতকাল আদালতে যে মেডিকেল রিপোর্ট পেশ করা হয়েছে তা সন্দেহজনক এবং তিনি এটা নিয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন।
ফয়সালের মেডিক্যাল রিপোর্টটি আদালতে পেশ করে জে জে হাসপাতালে সাইকিয়াট্রিক ওয়ার্ড। এই ওয়ার্ডেই ফয়সাল ১৬ অক্টোবর থেকে চিকিৎসাধীন ছিলেন। রিপোর্টে চিকিৎসকরা জানান, ফয়সাল একজন সিজ্রোফ্রেনিয়া রোগী।
ফয়সাল খান তার আবেদনপত্রে জানান, তিনি তার বাবার সঙ্গে থাকতে চান, ভাই আমির খানের সাথে থাকতে চান না।
আদালত ফয়সাল খানের আবেদন বিবেচনা করে তাকে বাবার সঙ্গে থাকার অনুমতি দিয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮২৬ ঘ
bdnews24