২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাভলুর নতুন ধারাবাহিক 'ঘরকুটুম'

'রঙের মানুষ' ও 'ভবের হাট' এর নির্মাতা সালাহউদ্দিন লাভলু ১০৪ পর্বের নতুন ধারাবাহিক নাটক নিয়ে আসছেন। নতুন এ ধারাবাহিকের নাম 'ঘরকুটুম'। ধারাবাহিকটি লিখেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করছেন সালাহউদ্দিন লাভলু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

অক্টোবর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'রঙের মানুষ' ও 'ভবের হাট' এর নির্মাতা সালাহউদ্দিন লাভলু ১০৪ পর্বের নতুন ধারাবাহিক নাটক নিয়ে আসছেন। নতুন এ ধারাবাহিকের নাম 'ঘরকুটুম'। ধারাবাহিকটি লিখেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করছেন সালাহউদ্দিন লাভলু। 'ঘরকুটুম' এর গল্প এ রকম -- উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম যগতলা। এ গ্রামে বাস করে আতাই সর্দার। আতাই সর্দারের নেতৃত্বে সাত গ্রামে বাঘা বাঘা চোরদের নিয়ে একটি সুসংগঠিত চোর দল রয়েছে। আতাই সর্দারের সঙ্গে থাকে স্ত্রী মোহর ও দুই শ্যালিকা গহর আর জহর। আতাই সর্দারের পেশা সম্পর্কে তিন বোনের অজানা নেই। তাদের এ ব্যাপারে কোনো আপত্তি নেই। বরং কীভাবে স্বামীদের কাজের পথকে আরামপ্রদ করা যায় সেদিকে খেয়াল রাখে মোহর ও গহর। আতাই সর্দারকে গ্রামের মানুষ গুণীজন হিসেবে জানে। বিভিন্ন ব্যাপারে ঝাড়-ফুক, পানি পড়া নিতে আসে মানুষ। আর দলের সবাই তাকে বিশেষ আধ্যাত্মিক শক্তির মানুষ হিসেবে জেনে বিশেষভাবে ভক্তি করে। ধারাবাহিক এ নাটকটিতে আতাই সর্দারের ভূমিকায় অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান। সঙ্গে রয়েছেন ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আ খ ম হাসান, আলীরাজ, শামীম, শশী, হোমায়রা হিমু, তানিয়া, গোলাম ফরিদা ছন্দা, শিরীন আলম অনেকই। ইতিমধ্যে নাটকটির ৫২ পর্বের শুটিং শেষ হয়েছে। ধারাবাহিক নাটকটি নির্মিত হয়েছে টেলিহোমের ব্যানারে। ২৭ অক্টোবর শনিবার থেকে মেগাধারাবাহিকটি প্রতি সপ্তাহের শনি ও রবিবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে। নাটকটি প্রসঙ্গে এর নির্মাতা সালাহউদ্দিন লাভলু জানান, "এর আগে আমার নির্মিত দুটি ধারাবাহিক নাটক কমেডি ধাঁচের হলেও এটি সিরিও কমেডি নাটক। এ নাটকে আমরা অভিনয়ের উপর জোর দিয়েছি বেশি। দর্শকদের নাটকটি অন্যরকম মজা দেবে বলে আশা করছি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭৩০ ঘ