অক্টোবর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)
চুলের রঙ পাল্টাচ্ছেন সালমান
বলিউডের অনেক তারকা হালে তাদের স্টাইলে কিছু বদল আনছেন। ভিতরে তো শাহরুখ বদলেছেনই, ব্যায়াম করে বেশ মাসলম্যান ফিগার বানিয়েছেন, রেখেছেন পনিটেইল চুল। সাইফ আলী খানও গোঁফ রেখে আরেকটু পুরুষালি হওয়া, কারিনাকে আরেকটু মুগ্ধ করার চেষ্টায় আছেন। ভারতীয় এক ওয়েবসাইট জানাচ্ছে, এবার নিজের গেট আপ বদলানোর চেষ্টা করছেন সালমান খান। চুলের রঙ লাল করেছেন তিনি।
একাধিক সূত্র জানিয়েছে, সুভাষ ঘাইয়ের একটি ছবির জন্যই নাকি সাল্লু এই নতুন চেহারা নিয়েছে।
ক্রিস পেইন হচ্ছেন ক্যাপ্টন কার্ক
স্টার ট্রেক সিরিজের নতুন ছবি 'অ্যাডভেঞ্চার অফ কার্ক' আসছে এ বছরের ডিসেম্বরে। এবারের ছবিতে ক্যাপ্টেন জেমস টি কার্ক এর চরিত্রটি রুপায়ন করবেন ক্রিস পেইন। মঙ্গলবারে চুড়ান্ত হয়েছে নতুন এই ছবির অভিনেতা-অভিনেত্রীর তালিকা। খবর মার্কিন ওয়েবসাইটের।
গত সপ্তাহে সাইমন পেগ এবং জন চো নির্বাচিত হয়েছেন যথাক্রমে স্কুটি এবং সুলু চরিত্রের জন্য। তখন ধারণা করা হয় স্টারশিপ এন্টারপ্রাইজ প্রধানের চরিত্রে ক্রিস পেইনকেই নেয়া হবে।
'জাস্ট মাই লাক' এবং 'দি প্রিন্সেস ডায়েরি টু' মুভি দুটির মাধ্যমে পরিচিতি পেলেও ক্রিস পেইনের চলচ্চিত্রে অভিনয়ের পটভুমি খুব একটা আহামরি নয়।
গত সপ্তাহে পেইনের নাম লিস্টে থাকার পরপরই গুজব রটে যে, তিনি কারাহানের পরবর্তী সিনেমা 'হোয়াইট জ্যাজ' এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।
কিন্তু কারাহান তার নিজস্ব ব্লগে নিশ্চিত করেছেন যে, স্টার ট্রেকের নতুন সিনেমাতে পেইন নির্বাচিত হওয়ার কারণে তার পরবর্তী চলচ্চিত্র 'হোয়াইট জ্যাজ' এ তিনি থাকতে পারবেন না।
কারাহান আরো উল্লেখ করেন, "পেইনের সামনে একটি ভালো সুযোগ এসেছে, সেটা সে কাজে লাগাতে চাইছে। আমি এজন্য তাকে দোষারোপ কিংবা হিংসা করছি না। বরং আমি তার শুভকামনা করি এবং এও বলে রাখছি যে, ভবিষ্যতে যে কোন দরকারে আমি তার পাশে থাকবো।"
টিভি সিরিয়াল হয়ে আসছে 'স্টার ওয়ারস'
না পুরোনোটা নয়, নতুন করেই নির্মিত হচ্ছে 'স্টার ওয়ারস' টিভি সিরিয়াল। এবং বানাচ্ছেন মূল চলচ্চিত্রের নির্মাতা জর্জ লুকাস স্বয়ং। লুকাসের বক্তব্য উদ্ধৃত করে মার্কিন ওয়েবসাইট জানিয়েছে, সিরিয়ালে স্টার ওয়ারস চলচ্চিত্রের ইন্টারগ্যালাকটিক লড়াইয়ের অনেক কিছু থাকলেও থাকবে না কিছু স্কাইওয়াকারস, ডার্থ ভেডার সহ কিছু উল্লেখযোগ্য কিছু চরিত্র।
স্পাইডার ম্যানের চতুর্থ পর্বে থাকছেন না পরিচালক স্যাম রাইমি
'স্পাইডার ম্যান' টানা তিনটি পর্ব বক্স অফিস হিট হওয়ার পর শুরু হয়েছে চতুর্থ পর্বের কাজ। কিন্তু প্রথম তিনটি পরিচালনা করলেও চতুর্থটিতে থাকছেন না পরিচালক স্যাম রাইমি।
মার্কিন এক ওয়েবসাইট জানাচ্ছে, রাইমি চাচ্ছেন অন্য পরিচালক এসে স্পাইডারম্যান চরিত্রটিকে নতুন করে ঢেলে সাজাক। এর চিত্রনাট্যের জন্য আনা হচ্ছে নতুন চিত্রনাট্যকারও। রাইমি আশা করছেন, স্পাইডির এই নতুন ধারা সবারই পছন্দ হবে।
প্রযোজক হিসেবে তার ভূমিকা কেমন হবে জানতে চাইলে রাইমি বলেন, 'যাই হোক না কেন, কাহিনীর উপর আমি কোন হস্তক্ষেপ করব না। পিটার পার্কার কী করবে, সেটি সম্পূর্ণই লেখকের ব্যাপার।'
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/আরএইচকিউ/এমআইআর/১৯৪৯ ঘ
bdnews24