অক্টোবর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পাঁচ বছর পর ৩ অক্টোবর প্রকাশিত দলছুটের নতুন অ্যালবাম 'জোছনা বিহার'। দলছুটের তৃতীয় আয়োজন এটি। সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদারের কণ্ঠে এ অ্যালবামে রয়েছে মোট ১৪টি গান।
অ্যালবামে সঞ্জীব চৌধুরী ছাড়াও গান লিখেছেন রাসেল ও'নীল, শাহান কবন্ধ এবং ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
অ্যালবামের গানের শিরোনামগুলো 'মন ছুঁয়েছো', 'হাতের পরশ', 'সবুজ খুঁজি', 'দিন সারা দিন', 'অরুণ অভিলাষী', 'চার দেয়াল', 'আকুতি', 'নোঙরের গল্প', 'ধরি মাছ না ছুঁই পানি' প্রভৃতি।
সবগুলো গানের সঙ্গীতায়োজন দুই শিল্পীর নিজেদের করা। অ্যালবামটি বেড়িয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি - সিরিজের ব্যানারে।
অ্যালবাম প্রসঙ্গে সঞ্জীব চৌধুরী জানান, " দলছুট মানেই কথা এবং বিষয়ের বৈচিত্র্য। আমরা সে ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করেছি। যেমন এবার আমরা 'ধরি মাছ না ছুঁই পানি' শিরোনামের একটি অদ্ভুত গান বেঁধেছি। শ্রোতাদের ভাল লাগবে।"
টানা পাঁচ বছর পর অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, "এখন নিজের কাছে নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। কারণ গত পাঁচ বছর ধরে ভক্ত - শ্রোতাদের প্রশ্নে প্রশ্নে জর্জরিত ছিলাম। এ কারণেই গানের সংখ্যা ১০ থেকে ১৪টিতে নিয়েছি। আশা করি শ্রোতারা আমাদের আয়োজনে মুগ্ধ হবেন।"
দলছুটের সর্বশেষ অ্যালবাম 'আকাশচুরি'। সংগীতার ব্যানারে এটি বেড়িয়েছিল পাঁচ বছর আগে। এ অ্যালবামে স্থান পাওয়া শাহ্ আবদুল করিমের রিমেক 'গাড়ি চলে না' গানটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/ ১৭২৮ ঘ
bdnews24