২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েত থেকে নতুন প্রানী এসেছে চিড়িয়াখানায়

বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার, জলহস্তি এবং মায়া হরিণ এবার পাড়ি জমাচ্ছে সুদূর মধ্যপ্রাচ্যে। আর বিনিময়ে কুয়েত থেকে ঢাকা চিড়িয়াখানায় আসছে এক জোড়া করে সবুজ বানর, হিমাদ্রিয়ান বেবুন, বেইচা অরিচ, ডিঙ্গো এবং কয়েক প্রজাতির দুর্লভ পাখি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সম্প্রতি কুয়েত চিড়িয়াখানার সঙ্গে স্বাক্ষরিত বিনিময় চুক্তি অনুসারে শনিবার রাত ১১টায় কুয়েত বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে চিড়িয়াখানার নতুন এই অতিথিরা এসে পৌঁছায়। আর কুয়েতের অতিথি হতে রয়েল বেঙ্গল টাইগারসহ অন্যদের রওনা হওয়ার কথা সোমবার।

সাধারণত ধারণ ক্ষমতার চেয়ে প্রাণীর সংখ্যা বেড়ে গেলে সার্কভুক্ত দেশ ছাড়াও অন্যান্য দেশের সাথে প্রাণী বিনিময় হয়ে থাকে। চিড়িয়াখানার এক কর্মকর্তা জানালেন, মাঝে বেশ কিছুদিন বার্ড ফ্লু’র কারণে এই বিনিময় চুক্তিটির কর্যক্রম বন্ধ ছিল।

ঢাকা চিড়িয়াখানার কিউরেটর কাজী ফজলুল হক বলেন, ধারণ ক্ষমতার চেয়ে প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই প্রানী বিনিময় করা হচ্ছে। ঢাকা চিড়িয়াখানা (ব্রিডিং) প্রাণীদের বংশ বৃদ্ধির জায়গা নয়। কিন্তু প্রাকৃতিকভাবে প্রাণীদের বংশ বৃদ্ধি হলে তখন বিভিন্ন চিড়িয়াখানার সাথে প্রানী বিনিময় করতে হয়।

ফজলুল হক বলেন, এবার কুয়েত থেকে আমরা যেসব প্রাণী ও পাখি পাচ্ছি সেগুলো এখানে একদমই নতুন।

তিনি অভিযোগ করে বলেন, লন্ডন চিড়িয়াখানার আদলে ১৯৭৪ সালে চালু হয়েছিল ঢাকা চিড়িয়াখানা। তবে লন্ডন চিড়িয়াখানার উত্তরোত্তর উন্নতি হলেও ঢাকা চিড়িয়াখানা সেই আগের মতোই রয়ে গেছে।

উদাহরণ দিতে গিয়ে ফজলুল হক বলেন, এক জোড়া জলহস্তির থাকার জন্য তৈরি করা হয়েছিল একটি পুকুর। কিন্তু সেখানে এখন থাকে আটটি জলহস্তি । এছাড়া ধারণ ক্ষমতার চেয়ে একাধিক বেশি প্রানী রয়েছে চিড়িয়াখানায়। তবে ফজলুল হক আশা প্রকাশ করে বলেন, এখন থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের চিড়িয়াখানার সঙ্গে প্রানী বিনিময় করা হবে।