২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর লোহালিয়ায় রুপালি ফসলের ঝিলিক

গ্রামের নাম লোহালিয়া। তেতুলিয়া নদীর একটি প্রবাহ এখানে এসে লোহালিয়া নাম নিয়েছে। নদীর পশ্চিম পাড়ে পটুয়াখালী শহর। বছর পাঁচেক আগেও উঁচু জোয়ার এলে পানিতে তলিয়ে যেত লোহালিয়া গ্রামসহ পুরো ইউনিয়ন। দুর্যোগ নেমে আসত জনজীবনে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

জেলা প্রশাসন থেকে কচুরিপানা ভর্তি একটি খাল সাত বছরের জন্য ইজারা নিয়ে ১৯৯৯ সালের এপ্রিলে লোহালিয়ায় পটুয়াখালী মৎস্য উৎপাদন প্রকল্পের কার্যক্রম শুরু হয়। লোহালিয়ায় তখনো বেড়ীবাঁধ নির্মাণ হয়নি। ফলে জোয়ারের পানিতে ভেসে যায় ২০ একর জলাশয়ের ৫০ হাজার বিভিন্ন রকমের মাছ। ফলে প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে।

২০০১ সালে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের পর আবার নতুন উদ্যমে প্রকল্পের কাজ শুরু হয়। এবার প্রকল্পের নিজস্ব নার্সারীতে উৎপাদিত হয় এক লাখ পোনা। ইজারা নেওয়া খালে ছাড়া হয় ৬০ হাজার পোনা। বাকি পোনা লোহালিয়াসহ আশপাশের গ্রামের লোকজনের কাছে বিক্রি করা হয়।

প্রকল্পের উদ্যোক্তা লোহালিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান গোলাম মোস্তফা তালুকদার বিডিনিউজকে জানান, এক লাখ পোনা উৎপাদনে তাদের খরচ ২৫ হাজার টাকা। স্থানীয় চাষীদের কাছে পোনা বিক্রি বাবদ আয় হয় ৩০ হাজার টাকা।

তিনি আরও জানান, প্রকল্পের জলাশয় থেকে ইতোমধ্যে তিন লাখ টাকার মাছ বিক্রি হয়েছে। খালে আরো আনুমানিক চার লাখ টাকার মাছ মজুদ রয়েছে। এছাড়া নতুন করে আরও ৩০ হাজার পোনা ছাড়া হয়েছে।

প্রকল্পের আওতাধীন খালটি লোহালিয়া গ্রামের কাটাখালী খালের গোড়া থেকে নুরুল হক কাজী বাঁধ পর্যন্ত দীর্ঘ। খালে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, মিরর কার্প, গ্লাস কার্প, সরপুঁটি, কালিবাউস প্রভৃতি জাতের মাছের চাষ হচ্ছে।

মৎস্য ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদার বিডিনিউজকে জানান, খালটিকে মাছ চাষের উপযোগী করে তুলতে সবমিলিয়ে পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পের বিভিন্ন কাজ দেখাশোনার জন্য মৎস্য চাষের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচজন নিয়মিত কর্মী রয়েছেন। প্রকল্পের বিভিন্ন কাজে পটুয়াখালী সদর উপজেলা মৎস্য বিভাগ, পটুয়াখালী-বরগুনা মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প (পিবিএইপি) এবং বেক্সিমকো ফিসারিজ নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে।

গোলাম মোস্তফা তালুকদার আরো জানান, তারা প্রকল্প সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। প্রকল্পের আওতায় গত বছর পিবিএইপির কারিগরি সহায়তায় ৯০ শতাংশ জমিতে চিংড়ি চাষ শুরু হয়েছে। এখানে পাঁচ হাজার চিংড়ি পোনা ছাড়া হয়েছে। ঘের তৈরি বাবদ খরচ হয়েছে ৪০ হাজার টাকা।

এছাড়া, এই ঘেরের পাড়ে সমন্বিত সবজি চাষ হচ্ছে। এখানে মৌসুমী সবজিসহ দু শ’ সবরি কলা এবং দু শ’ পেঁপে গাছ লাগানো হয়েছে। এখন থেকেও তারা ৫০ হাজার টাকা আয়ের আশা করছেন। এদিকে মূল প্রকল্পের খালটির জন্য আরও দশ বছরের ইজারা চাওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় এজন্য জেলা প্রশাসনের কাছে প্রতিবেদন চেয়েছে।

পটুয়াখালী মৎস্য উৎপাদন প্রকল্পের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে লোহালিয়া, ইদ্রাকপুর ও কাকড়াবুনিয়া গ্রামে মাছ চাষের ক্ষেত্রে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিনটি গ্রামের প্রায় দু শ’ পুকুরে এখন পরিকল্পতভাবে মাছ চাষ হচ্ছে। স্থানীয় লোকজন প্রকল্প থেকে পোনা কিনে তাদের হাজামজা পুকুরগুলোকে ভরিয়ে তুলেছে মাছে মাছে।

এই প্রকল্প কিভাবে গ্রামের দরিদ্র পুকুর মালিকদের উদ্বুদ্ধ করেছে তার বিবরণ দিলেন লোহালিয়া গ্রামের মৎস্য চাষী সেকান্দার মোল্লা, কাঁকড়াবুনিয়া গ্রামের অনুকুল চন্দ্র হাওলাদার ও ছত্তার মোল্লা ইদ্রাকপুর গ্রামের সোহরাব হোসেন তালুকদার। তাদের সাথে কথা বলে জানা যায়, এখন তাদের জেলা শহর থেকে মাছের পোনা আনতে হয় না। এখান থেকে পোনা নেন। এতে খরচ যেমন কম পড়ে তেমনি পোনা মারাও যায় না।

তাছাড়া স্থানীয় পরিবেশ উপযোগী হওয়ায় পোনার বৃদ্ধিও পায় দ্রুত। ফলে অনেকেই পোনা কিনে ব্যক্তিগত বা বাণিজ্যিকভাবে পুকুরে মাছ চাষে উৎসাহী হচ্ছে।