সিরাজগঞ্জে বালি জমে থাকায় কয়েক হাজার বিঘা জমি অনাবাদী
কাজিপুর ও সদর থানার উত্তরে কয়েক হাজার বিঘা জমিতে ৬ মাস ধরে বালির স্তর পড়ে থাকায় কৃষকরা চাষাবাদ করতে পারছে না। জমির ওপর ১০ ফুট পর্যন্ত উঁচু হয়ে বালির স্তর জমে থাকায় কৃষি জমি অনাবাদি রয়ে গেছে।
কৃষকরা স্ব-উদ্দ্যোগে কিছু জমি থেকে বালি সরাতে পারলেও অধিকাংশ জমিতে এখনও বালির স্তূপ পড়ে আছে। বালুচরে কী ধরনের ফসল উৎপন্ন করতে হয় সে সম্পর্কে অভিজ্ঞতা না থাকায় কৃষকরা বিপাকে পড়েছে। এ ব্যাপারে কৃষি বিভাগ থেকেও তাদের কোনও পরামর্শ দেয়া হয়নি। বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি ইউনিয়ন সরেজমিনে পরিদর্শনে এসব তথ্য পাওয়া যায়।
কুড়ালিয়া গ্রামের ৬০ বছর বয়সী কৃষক আবুল হোসেন জানান, নিজের বুদ্ধিতে তিনি আখ ও বাদাম চাষ করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ফসলে ব্যাপক মার খেয়েছেন।
৭০ বিঘা জমিতে চাষ করেন এমন একজন ”াষী আমিনুল ইসলাম ভুলু অভিযোগ করেন, কৃষি বিভাগ থেকে ভূট্টার বীজ দেবে বলে আশ্বাস পেয়ে শ্রমিক দিয়ে জমির বালি অপসারণ করার পর বীজ আর দেয়নি। কৃষি পুনর্বাসনের কোনও সুফল তিনি পাননি।
বাদাম ও ভূট্টা চাষের জন্য বালিজমি উপযোগী হলেও এ অঞ্চলের কৃষকদের বেলে জমিতে চাষের কোনও অভিজ্ঞতা নেই। তিল, কাউন, বাদাম, পাট ও আউশ বপন করার এখন উপযুক্ত সময়। বন্যা নিয়ন্ত্রণ বাধের ভাঙা স্থান মেরামত না করায় নদীর পানি বেড়ে গেলেই বিশাল এলাকা তলিয়ে যাবে এই ভয়ে কৃষকরা জমিতে কোনও ফসল আবাদের সাহস পাচ্ছেন না।
কাজিপুর ও সিরাজগঞ্জ সদর এলাকার কৃষকদের সাথে সাংবাদিকদের আলাপ করতে দেখে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবুল হাসানাত ও কাজিপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান সরকার গাড়ি থেকে নেমে সাংবাদিকদের কাছে আসেন। এ সময় কয়েকজন কৃষক কৃষি বিভাগকে ধিক্কার দেন। প্রতিবাদে উপরিচালক বলেন, ‘রতনকান্দি ইউনিয়নে সবচেয়ে বেশি পুনর্বাসন হয়েছে। আপনারা বরং ব্লক সুপারভাইজারের সাথে যোগাযোগ করুন।’
জবাবে কৃষক ভুলু বলেন, তারা এ এলাকার ব্লক সুপারভাইজারকে চেনেন না। সর্বোপরি বন্যা পরবর্তী সময়ে কৃষি পুর্নবাসন থেকে ক্ষতিগ্রস্থ কৃষক কোনও সুফল পায়নি।
