২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফাংশন’ না করা ব্যাংকের মার্জার ভালো: অর্থমন্ত্রী

“ব্যাংক একীভূতকরণের প্রস্তাব আসেনি; প্রস্তাব আসুক, তারপর দেখা যাবে,’’ বলেন তিনি।

‘ফাংশন’ না করা ব্যাংকের মার্জার ভালো: অর্থমন্ত্রী

সচিবালয়ে নিজ দপ্তরে আইএমএফ এর বাংলাদেশের আবাসিক প্রতিনিধি জয়ন্ত দের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2024, 11:34 PM

Updated : 08 Feb 2024, 11:35 PM

দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংকের একীভূত (মার্জার) হওয়া দেশের ব্যাংকিং খাতের জন্য ভালো মনে করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, “যারা শক্তিশালী তাদের সঙ্গে যদি দু একটা যারা একেবারেই ফাংশন করছে না, তাদের তো মার্জার হতে পারে। এটি সব সময় হয়, বিশ্বের অনেক দেশেই হয়।’’

বৃহস্পতিবার সচিবালয়ে তার সঙ্গে দেখা করতে আসেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর বাংলাদেশের আবাসিক প্রতিনিধি জয়ন্ত দে। বৈঠকের আলোচনায় আইএমএফ এর ঋণের আগামী কিস্তি ছাড়ের শর্ত পূরণ, আর্থিক খাতের সংস্কারের মতো বিষয়গুলো স্থান পায়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংকের একীভূতের কাজ কবে নাগাদ শুরু হবে এ- প্রশ্নে মন্ত্রী বলেন, ‘‘আমরা এখনো প্রক্রিয়া শুরু করিনি। ব্যাংক একীভূতকরণের প্রস্তাব আসেনি; প্রস্তাব আসুক, তারপর দেখা যাবে।’’

আগামী মার্চে আইএমএফ এর প্রতিনিধি দল বাংলাদেশে আসছে তৃতীয় কিস্তি ছাড়ের পূর্বে সংস্কার ও বিভিন্ন লক্ষ্যমাত্রার অগ্রগতি দেখতে।

সে প্রসঙ্গে তিনি বলেন, “তারা যেসব শর্ত দিয়েছে, বাংলাদেশ তার বেশির ভাগই পূরণ করতে পেরেছে। তারা তো আসবে-এটা তাদের চলমান কাজ।’’

কিস্তির বাইরে নতুন কোনো বাজেট সহায়তার আশ্বাস পাওয়া গেছে কি না-এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “বিষয়টি তারা খতিয়ে দেখবে। পরিস্থিতি ভালো, দেখা যাক, কী হয়।’’

বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পদ্ধতি নির্ধারণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ক্রলিং পেগ পদ্ধতির কথা হয়েছে, সেটাই চলবে। একটা ব্যান্ড দেওয়া থাকবে।