১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উজ্জ্বল ভবিষ্যতের জন্য আসুন একসঙ্গে কাজ করি: বিশ্ব ব্যাংককে প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের ৫০ বছরের অংশীদারত্ব উদযাপনের অনুষ্ঠানে শেখ হাসিনা।

উজ্জ্বল ভবিষ্যতের জন্য আসুন একসঙ্গে কাজ করি: বিশ্ব ব্যাংককে প্রধানমন্ত্রী

ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2023, 08:31 PM

Updated : 01 May 2023, 10:29 PM

বাংলাদেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করতে বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক সদর দপ্তরে সোমবার এক আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশের উন্নয়নগাথা দেখিয়ে তিনি এই আহ্বান জানান বলে বাসস জানিয়েছে।

শেখ হাসিনা বলেন, “আমি আশা করি, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার জন্য আমাদের উৎসাহব্যঞ্জক যাত্রায় বিশ্ব ব্যাংক আমাদের সাথে থাকবে। আসুন আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য যৌথ আস্থার চেতনায় একসাথে কাজ করি।”

বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের ৫০ বছরের অংশীদারত্ব উদযাপনে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের সঙ্গে যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি প্রদর্শনীর কিছু অংশ ঘুরেও দেখেন।

প্রধানমন্ত্রী বলেন, এই আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশের পিছিয়ে থাকা মানুষের উন্নয়নের গল্প তুলে ধরা হয়েছে।

Image

ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে আলোকচিত্র প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

“এটি বাংলাদেশকে একটি সহনশীল ও সমৃদ্ধ ভূমিতে পরিণত করার জন্য আমাদের সরকারের সংকল্পের প্রতিফলন। প্রদর্শনীটি সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বও তুলে ধরেছে।”

“আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দুস্থ মানুষের মধ্যে যে ধরনের হাসি দেখতে চেয়েছিলেন, এ প্রদর্শনীতে তা প্রতিফলিত হচ্ছে,” বলেন তিনি।

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ব্যাংকের অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণের বিষয়টি তুলে ধরে উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের অভিন্ন শত্রু হচ্ছে দারিদ্র্য ও ক্ষুধা এবং আমরা এগুলো কাটিয়ে না ওঠা পর্যন্ত বিশ্রাম নেব না।”

প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংক সদর দপ্তরে পৌঁছলে তাকে স্বাগত জানান বাংলাদেশে সংস্থার আবাসিক প্রতিনিধি আবদৌলায়ে সেক। তাকে ফুলেল শুভেচ্ছাও জানান হয়। তিনি একটি নাচের অনুষ্ঠানও দেখেন।

প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংক সদর দপ্তরে অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় বাইরে বিপুল সংখ্যক প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মী তাকে শুভেচ্ছা জানান।