১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩২ টাকায় ধান, ৪৫ টাকায় চাল কিনবে সরকার

এবারের বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম কিনবে সরকার।

৩২ টাকায় ধান, ৪৫ টাকায় চাল কিনবে সরকার

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 01:54 PM

Updated : 21 Apr 2024, 01:54 PM

আগেরবারের চেয়ে কেজিপ্রতি ধানের দর দুই টাকা এবং চালে এক টাকা বাড়িয়ে এবারের বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রোববার জানিয়েছেন, বোরো মৌসুমে এবার ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম কিনবে সরকার।

“প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা।”

Image

মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

২০২৩ সালে সরকারের ধান-চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।

মন্ত্রিপরিষদ সভাকক্ষে রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সরকারের ধান-চাল সংগ্রহের এই লক্ষ্যমাত্রা তুলে ধরেন খাদ্যমন্ত্রী।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা বৈঠকে উপস্থিত ছিলেন।