১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বোরোতে উফশী ধানের উৎপাদন বাড়াতে ১০৮ কোটি টাকার প্রণোদনা

এর আওতায় সারা দেশের ১৫ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনা পাবেন।

বোরোতে উফশী ধানের উৎপাদন বাড়াতে ১০৮ কোটি টাকার প্রণোদনা

রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে জমিতে ধানের চারা রোপন করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2023, 03:59 PM

Updated : 13 Nov 2023, 03:59 PM

চলতি অর্থবছর বোরো মৌসুমে উচ্চফলনশীল জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ১০৭ কোটি ৬২ লাখ টাকার প্রণোদনা ঘোষণা করেছেন কৃষি মন্ত্রণালয়।  

এর আওতায় সারা দেশের ১৫ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনা পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। 

সোমবার এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়েছে। মাঠ পর্যায়ে শিগগিরই বিতরণ কার্যক্রম শুরু হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

এর আগে গতমাসে প্রথম ধাপে বোরোতে হাইব্রিড জাতের ধানের উৎপাদন বাড়াতে ৯০ কোটি টাকার প্রণোদনার আদেশ জারি হয়। এসব প্রণোদনা মাঠ পর্যায়ে বিতরণ চলছে। 

সব মিলিয়ে দুই ধাপে বোরোতে প্রণোদনার পরিমাণ দাঁড়িয়েছে ১৯৮ কোটি টাকা। সুবিধাভোগী কৃষকের সংখ্যা দাঁড়াল প্রায় সাড়ে ২৯ লাখ।