২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসের আগেই গোড্ডার বিদ্যুৎ পাবে বাংলাদেশ: গৌতম আদানি

ভারতের গোড্ডা বিদ্যুৎ প্রকল্প থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করার কথা আদানির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 11:17 AM

Updated : 06 Sep 2022, 11:17 AM

চলতি বছরে ১৬ ডিসেম্বরের মধ্যে ভারতের গোড্ডা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালনের প্রতিশ্রুতি দিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

সোমবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার পর এক টুইটে এ প্রতিশ্রুতির কথা জানান ভারতের অন্যতম শীর্ষ এ ব্যবসায়ী।

সাক্ষাৎ শেষে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী গৌতম আদানি এক টুইটে লেখেন, “দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাওয়া আমার জন্য সম্মানের। বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনা অনুপ্রেরণাদায়ী এবং অত্যন্ত সাহসী।“

আদানি লিখেছেন, “আমরা চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যেই আমাদের ১ হাজার ৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প এবং বাংলাদেশের সঙ্গে সঞ্চালন লাইন চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।“

২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় হওয়া সমঝোতার ভিত্তিতে ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে আদানি পাওয়ার।

২৫ বছরের চুক্তি অনুযায়ী, এ কেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ তাদের বাংলাদেশে রপ্তানি করার কথা। আর ২০২১ সালের ডিসেম্বর থেকেই তা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়ায় এখনও তা শুরু করা যায়নি।