Published : 11 Aug 2026, 01:53 AM
ব্যবসা সহজ করার লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দুটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুটি কমিটি গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটিতে’ সদস্য হিসেবে আছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
প্রধানমন্ত্রীর কয়েকজন বিশেষ সহকারী ও মন্ত্রণালয়ের সচিবদেরও রাখা হয়েছে কমিটিতে।
কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে, এই কমিটি ক্রিয়েটিভ অর্থনীতি সংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থার কার্যক্রম সমন্বয়, বিভিন্ন খাতভিত্তিক কার্যক্রম পর্যালোচনা ও ত্রৈমাসিক ভিত্তিতে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করবে।
অন্যদিকে ‘বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ বিষয়ক জাতীয় টাক্সফোর্সের’ সদস্য করা হয় বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী আসাদুজ্জামান, গভর্নর মোস্তাকুর রহমান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানকে।
সরকারি দপ্তরসহ কয়েকটি বিনিয়োগ সংস্থার চেয়ারম্যানকেও রাখা হয়েছে টাস্কফোর্সে।
ব্যবসায়ীক সংগঠনগুলোর মধ্যে ডিসিসিআই, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, এমসিসিআই সভাপতিকে এই টাক্সফোর্সের সদস্য করা হয়েছে।
এই কমিটির কাজ সম্পর্কে বলা হয়, নীতির বিকেন্দ্রীকরণ, খাতভিত্তিক ব্যবসার সুবিধা বাড়ানোর সুপারিশ দিয়ে রোডম্যাপ তৈরি ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং ব্যবসা সহজীকরণের বিষয়ে নির্দেশনা দেওয়া।